ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নবীনবরণ অনুষ্ঠানে রিজভী

সনদ নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা

সনদ নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা
×
×

রুহুল কবির রিজভী

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

কেবল মুখস্থবিদ্যায় পরীক্ষা দিয়ে পাস করা কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং প্রত্যেক শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়।
গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য আমাদের ডিগ্রির প্রয়োজন আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদটা হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।

শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো, তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হওয়ার পর সেই ইগো হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, বছিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান প্রমুখ।
 

আরও পড়ুন

×