ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা ভিন্ন

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা ভিন্ন
×
×

ফাইল ছবি

 সাব্বির নেওয়াজ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৮:১৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৫ বছর, বেসরকারিতে ৬ বছর। ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় একই মন্ত্রণালয়ের এমন দুই ধরনের শর্তে বিপাকে পড়েছেন অভিভাবকরা। সরকারি বিদ্যালয়ে লটারিতে সুযোগ না পাওয়া ৫ বছর বয়সী শিশুদের জন্য বেসরকারি বিদ্যালয়ে ভর্তির দরজাও বন্ধ হয়ে যাচ্ছে। 

শিক্ষাবিদরা বলছেন, একই শিক্ষানীতির অধীনে পরিচালিত দুই ধরনের প্রতিষ্ঠানে ভর্তির বয়সসীমায় এমন পার্থক্য অযৌক্তিক।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ২০২৭ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি নীতিমালায় বয়সের এই ভিন্নতা রাখা হয়েছে। এতে সরকারি স্কুলে ভর্তির আবেদন করেও লটারিতে সুযোগ না পাওয়া পাঁচ বছর বয়সী শিশুদের এক বছর অপেক্ষা করা ছাড়া বিকল্প থাকবে না।

সরকারিতে পাঁচ, বেসরকারিতে ছয় বছর
গত ১৩ অক্টোবর প্রকাশিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছয় বছর। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে পারবে।

একই বিভাগের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর ৩ নম্বর অনুচ্ছেদে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরাই এ শ্রেণিতে ভর্তির যোগ্য হবে। ফলে ২০২১ সালে জন্ম নেওয়া পাঁচ বছর বয়সী শিশু সরকারি স্কুলে আবেদনের সুযোগ পেলেও বেসরকারি স্কুলে আবেদন করতে পারবে না।

বিপাকে অভিভাবকরা
অভিভাবকদের আশঙ্কা, সরকারি স্কুলে আসন সীমিত। ফলে লটারিতে সুযোগ না পাওয়া শিশুদের বেসরকারি স্কুলে ভর্তির বিকল্পও বন্ধ হয়ে যাবে। 

রাজধানীর শান্তিনগর এলাকার বাসিন্দা বাণী রহমানের মেয়ের বয়স পাঁচ বছর তিন মাস। তিনি  সমকালকে বলেন, ‘এবার সরকারি স্কুলে সুযোগ না পেলে আমার মেয়েকে কোথাও ভর্তি করাতে পারব না? তার বয়সী অন্য শিশুরা সরকারি স্কুলে ভর্তি হয়ে যাবে, অথচ আমার মেয়ের জন্য বেসরকারি স্কুলের দরজাও বন্ধ থাকবে। এটা কেমন নিয়ম?’

আরেক অভিভাবক রফিকুল ইসলাম আদনান বলেন, ‘সরকারি স্কুলে আসন সীমিত। সেখানে সবাই তো ভর্তির সুযোগ পাবে না। আমার ছেলের বয়স পাঁচ বছর সাত মাস। তাকে সরকারি স্কুলে আবেদন করাব না। কিন্তু বেসরকারি স্কুলেও ভর্তি করাতে পারব না। এক দেশে দুই নিয়ম, এ কেমন বৈষম্য?’

শিক্ষাবিদদের আপত্তি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সমকালকে বলেন, সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে বয়সের এ বৈষম্য অযৌক্তিক। এটা ভুল, নাকি ইচ্ছাকৃত, তা আগে নিশ্চিত হতে হবে। কারণ, দুই ধরনের প্রতিষ্ঠানে বয়সের ভিন্ন শর্ত শিশুদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একই জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে দুই ধরনের ভর্তি নীতিমালায় বয়সের ভিন্নতা রাখা হয়েছে। বিষয়টি দ্রুত পর্যালোচনা করে অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজন।

ফি ও কোটায় নির্দেশনা
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরের শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

নীতিমালায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীন দপ্তর বা সংস্থার কর্মীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। এ ছাড়া সহোদর-সহোদরার জন্য ৩ শতাংশ 
এবং যমজ ভাইবোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন

×