বলিউডের ধনী প্রযোজকরা...
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৪:৫৫
মূলত পর্দার পেছনে থেকে কাজ করেন তারা। তাদের অর্থেই তৈরি হয় সিনেমা। বলা হচ্ছে বলিউডের প্রযোজকদের কথা। এদের মধ্যে অনেকেই আছেন যারা কোটিপতি। বলিউডের এমন দশ জন প্রযোজক আছেন যাদের সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বলে মনে করেন বলিউডের একটা বড় অংশ।
চলুন জেনে নেওয়া যাক তাদের আয়ের হিসাব-
সুরজ বরজাতিয়া: রাজশ্রী প্রোডাকশনের মালিক তিনি। 'হাম সাথ সাথ হ্যায়', 'প্রেম রতম ধন পায়ো' ইত্যাদি ফিল্মের প্রযোজনা করেছে তার সংস্থাই। যত দূর জানা যায়, তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি।
একতা কাপুর: 'কুছ তো হ্যায়', 'কৃষ্ণা কটেজ', 'ক্যায়া কুল হ্যায় হম', 'মিশন ইস্তানবুল' ইত্যাদি তার প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচারের তৈরি। এ ছাড়া একাধিক টেলিভিশন শোর করে তার সংস্থা। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩ কোটি রুপি।
ধিলিন মেহতা: ধিলিন মেহতার অষ্টবিনায়ক সিনে ভিশন 'ব্লু', 'গোলমাল', 'দাবাং', 'জব উই মেট'-এর মতো ফিল্মের প্রযোজনা করেছে। তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি বলে সংশ্লিষ্টদের ধারণা।
আমির খান: আমির খানকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তিনি নিজের নামাঙ্কিত প্রোডাকশন হাউসের মালিক। 'তারে জামিন পার', 'সিক্রেট সুপারস্টার', 'পিপলি লাইভ', 'জানে তু ইয়া জানে না'র মতো নানা হিট ফিল্মের প্রযোজনা করেছে তাদের সংস্থা। তার সম্পত্তির পরিমাণ কত জানেন? প্রায় এক হাজার ২৭৯ কোটি রুপি!
করণ জোহর: প্রযোজক এবং পরিচালক হিসাবে করণ জোহর কতটা জনপ্রিয়, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রযোজনা সংস্থার নাম ধর্মা প্রোডাকশন। বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক তিনি। 'দোস্তানা', 'কাল হো না হো', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গম', 'কাভি আলবিদা না কাহেনা', 'অগ্নিপথের' মতো অসংখ্য ছবির প্রযোজনা করেছেন তিনি। তার সম্পত্তির পরিমাণ এক হাজার ৪২১ কোটি রুপি।
রনি স্ক্রুওয়ালা: আরএসভিপি, ইউটিভি মোশন পিকচারস, ইউটিভি সফটওয়্যার কমিউনিকেশন ইত্যাদি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত তিনি। 'রং দে বসন্তী', 'যোধা অকবর', 'বরফি', এই ফিল্মগুলোর প্রযোজক তিনিই ছিলেন। তার সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার ৪২১ কোটি রুপি।
শাহরুখ এবং গৌরী খান: রেড চিলিস এন্টারটেইনমেন্ট শাহরুখ এবং গৌরীর প্রযোজনা সংস্থা। তারা একসঙ্গে প্রচুর ফিল্মের প্রযোজনা করেছেন। তাদের সম্পত্তির পরিমাণ নাকি প্রায় চার হাজার ৯৭৩ কোটি রুপি।
আদিত্য চোপড়া: যশ চোপড়ার পরবর্তীকালে যশ রাজ ফিল্মসের মালিকানা হস্তান্তর হয় আদিত্য চোপড়ার হাতে। বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। তার সম্পত্তির পরিমাণ প্রায় ছয় হাজার ২৫২ কোটি রুপি।
অনিল অম্বানী: সব ব্যবসাতেই অম্বানীদের ছায়া রয়েছে। সেই তালিকা থেকে ফিল্মও বাদ যায় নি। রিলায়্যান্স এন্টারটেনমেন্ট-এর হয়ে কাজ সামলান অনিল অম্বানী। তার সম্পত্তির পরিমাণও বিপুল। কিন্তু ইদানিং ব্যবসায় বড় সমস্যা হওয়ায় তিনি কিছুটা পিছিয়েই পড়েছেন।
অর্জন লুল্লা: নামটা কি ঠিক পরিচিত মনে হচ্ছে না? এরস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা তিনি। ভারত ছাড়াও আরও ৫১টি দেশে তার প্রযোজনা সংস্থার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। শোনা যায়, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় তিন হাজার ১৯৭ কোটি রুপি। সূত্র: আনন্দবাজার পত্রিকা
- বিষয় :
- ধনী প্রযোজক
- বলিউড
- বিনোদন
