সারিকার 'অ্যান অ্যাফেয়ার'
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০১:২৩
'অ্যান অ্যাফেয়ার' শিরোনামে ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী সারিকা। এতে তার বিপরীতে দেখা যাবে মডেল অভিনেতা ইরফান সাজ্জাদকে। এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন জাফরীন সাদিয়া। পরিচালনা করেছেন হাসান রেজাউল।
প্রেম এমন একটা অনুভূতি, যা কখন, কীভাবে, কেমন করে আসে- জীবনে তা আমরা নিজেরাও জানি না। কিন্তু সত্যিকারের ভালোবাসার ছোঁয়া কি আমরা সবাই পাই? অহংকার, জেদ, কে আগে কে পরে এসব নিয়ে আমাদের প্রতিনিয়ত একটা অদেখা প্রতিযোগিতা বিরাজমান। যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি, তখন বুঝতে পারি কী সেই শূন্যতা! এসব বিষয় 'অ্যান অ্যাফেয়ার' নাটকে উঠে এসেছে।
সারিকা বলেন, আসছে ভালোবাসা দিবসের অনেক নাটকেরই স্ক্রিপ্ট এখন হাতে রয়েছে। এর মধ্যে 'অ্যান অ্যাফেয়ার' নাটকটি ব্যতিক্রম মনে হয়েছে। নাটকের গল্পটি অসাধারণ। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি শেষ করেছেন। আর নিজেও অভিনয় করে তৃপ্ত। সবমিলিয়ে নাটকটি ভালো হয়েছে। আশা করছি, দর্শকের এটি ভালো লাগবে। পরিচালক হাসান রেজাউল বলেন, 'এটা পুরোপুরি ভালোবাসার গল্প। কিন্তু অন্যভাবে দেখানো হয়েছে। বিরূপ পরিবেশ থেকেও ভালোবাসার সৃষ্টি হয়, এমন একটি গল্প এটি।'
নাটকটি নির্মিত হয়েছে জাফরীন স্টুডিওর প্রযোজনায়। নাটকটিতে সারিকা-ইরফান সাজ্জাদ ছাড়া আরও অভিনয় করেছেন মাহাদী হাসান পিয়াল, পাপিয়া, সোহানী প্রমুখ। এর সংগীতায়োজন করেছেন পিরান খান ও ইশতিয়াক হোসাইন। সম্পাদনা করেছেন অমিতাভ মজুমদার। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি যে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
- বিষয় :
- অ্যান অ্যাফেয়ার
- সারিকা
- নাটক
- ভালোবাসা দিবস
