বইমেলার মূল মঞ্চে সম্পা দাসের কণ্ঠে নজরুল সঙ্গীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১১
অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনে বাংলা একাডেমির মূল মঞ্চে নজরুল সংগীত গাইলেন শিল্পী সম্পা দাস। বুধবার রাত ৮টার দিকে দুটি নজরুল সংগীত পরিবেশন করেন তিনি।
শিল্পী সম্পা দাস ‘গুলবাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল’ ও ‘নাচের নেশা ঘোর লেগেছে নয়ন পড়ে ঢলে লো’ নজরুল সংগীত দুটি পরিবেশন করেন।
বইমেলায় গান পরিবেশনের অনুভূতি প্রকাশ করে শিল্পী সম্পা দাস বলেন, ‘বাংলা একাডেমি আমাদের সংস্কৃতিকে যথাযথভাবে লালন করে। বিশেষ করে বইমেলার অনুষ্ঠানে পঞ্চকবির গানের আয়োজন রাখে, এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাকে এ অনুষ্ঠানে সংগীত পরিবেশনে আমন্ত্রণ জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যারা গান শুনতে আসেন তারা প্রকৃত অর্থে বিশুদ্ধ শ্রোতা। এসব শ্রোতার সামনে গান গাইতে পেরে আমি আনন্দিত। আমি আশা করছি বাংলা একাডেমি সারাবছর আমাদের সংগীত ও সংস্কৃতি চর্চায় অনন্য ভূমিকা পালন করবে।’
উল্লেখ্য, বুধবার অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমির মূল মঞ্চে আরও নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সুজিত মুস্তাফা, ফাতেমাতু জোহরা প্রমুখ।
