কপিল দেব ও রোমির ভূমিকায় রণবীর-দীপিকা
কপিলের চরিত্রে রণবীর ও তার স্ত্রীর চরিত্রে দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৫
এখনও ফিল্মফেয়ার পুরস্কারের রেশ কাটেনি। ফের অনলাইন দুনিয়া শাসন করতে হাজির বলিউড অভিনেতা রণবীর সিং। এ কাজে তাকে সঙ্গ দেওয়ার জন্য আছেন তার স্ত্রী দীপিকা পাড়ূকোন।
প্রকাশ্যে এলো মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা '৮৩'তে কপিল দেব ও তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় তাদের লুক। সেই ছবি আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কয়েক মাস আগেই কপিলের ভূমিকায় রণবীরের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। তা অনেক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এবার সেই রিলের কপিলের হাত ধরে সামনে এলেন রোমির ভূমিকায় অভিনয় করা দীপিকা পাড়ূকোন। ছবিটি প্রকাশিত হতে না হতেই তা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, ফরমাল পোশাকে দেখা যাচ্ছে রণবীরকে। তার শরীরে রয়েছে ভারতীয় অধিনায়কের ব্লেজার। আর দীপিকা পরেছেন কালো টারটেল নেক টি-শার্ট ও বিস্কুট রঙের স্কার্ট। এই ছবি দেখে ইন্টারনেটে এই রিয়েল লাইফ জুটির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন অনুরাগীরা।
কবির খান পরিচালিত '৮৩' নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ক্রিকেট কিংবদন্তি কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের কাহিনি রয়েছে এই ছবিতে। তখনকার ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের লুকও একে একে প্রকাশ্যে এসেছে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।
- বিষয় :
- ৮৩
- রণবীর সিং
- দীপিকা পাডুকোন
- বলিউড
