রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে নতুন ধারাবাহিক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০১:৩৩
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'দেনা পাওনা'র অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক। দীপ্ত টিভির জন্য নির্মিত এই ধারাবাহিকের মহরত গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। 'দেনা পাওনা' ধারাবাহিকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক। পরিচালনায় ফিরোজ কবীর ডলার।
এতে অভিনয় করছেন তারিক আনাম খান, আজিজুল হাকিম, সঙ্গীতা, উপমা, নাফা, আতিক, রোদেলা মির্জা, লেলিন, মনিরা ইউসুফ মেমী, কোহিনূর সিরাজুল ইসলাম, শিশুশিল্পী ইরফানসহ অনেকে।
গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতা। বাবার বড় আদরের; ভালোবাসে ধনী পরিবারের ইরফানকে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে ফেরা ইরফান পারমিতাকে বিয়ে করতে চাইলে শুরু হয় বাধা-বিপত্তি; জোর করে ইরফানের বিয়ে ঠিক করা হয় অন্য একটি মেয়ের সঙ্গে। ইরফান পারমিতাকে ভুলে যেতে চায়; পারমিতাও চায় তার জীবন নতুন করে শুরু করতে।
শুরু হয় পারমিতা ও ইরফানের নতুন জীবন, যে জীবনে পারমিতার পাওনা কিছুই থাকে না। থাকে মায়ের গ্লানি, বাবার অপমান আর সম্পর্কের দেনা।
