চারশ’ গান নিয়ে ফোক গানের নতুন আয়োজন, গাইছেন কাজল আরিফও
কাজল আরিফ। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৯:০২
বাংলার লোকসংগীতকে আধুনিক সাউন্ডের সঙ্গে শিকড়ের স্বাদ অটুট রেখে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ জন শিল্পীর কণ্ঠে ৪০০টি গান নিয়ে শুরু হচ্ছে বিশেষ সংগীত আয়োজন ‘এটিএন ফোক স্টুডিও’। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে।
এই বৃহৎ আয়োজনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মান্নান মোহাম্মদ। অনুষ্ঠানের অধিকাংশ গানই তাঁর লেখা ও সুরে নির্মিত হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ও গুণী সংগীতশিল্পীরা।
সংগীতায়োজনে মান্নান মোহাম্মদের সঙ্গে কাজ করছেন তাঁর ছেলে সানি মোহাম্মদ। লন্ডনে সংগীতের ওপর উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে এই প্রকল্পের মাধ্যমে পেশাদার সংগীতযাত্রা শুরু করেছেন তিনি।
‘এটিএন ফোক স্টুডিও’-তে দুটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজল আরিফ। এর একটি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’, অন্যটি কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’। গান দুটি নতুনভাবে ফিউশন আঙ্গিকে সাজানো হয়েছে এবং সম্প্রতি এর ভিডিওচিত্র ধারণ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘এটিএন ফোক স্টুডিওতে দুটি গান গাওয়ার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। মান্নান মোহাম্মদের মতো কিংবদন্তি গীতিকার-সুরকারের সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের। দেশের লোকগানকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে পৌঁছে দিতে এটিএন বাংলার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’
মান্নান মোহাম্মদ জানান, এটিএন বাংলা বরাবরই সুস্থ সংস্কৃতির চর্চায় বিশ্বাসী। সেই ভাবনা থেকেই চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান দেশের শিকড়ের গান নিয়ে বড় পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বর্তমানে ফোক গান নিয়ে নানা ধরনের আয়োজন হচ্ছে। তবে আমি চেয়েছি গানগুলোর মৌলিক স্বাদ অক্ষুণ্ণ রেখে দেশীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে নতুনভাবে উপস্থাপন করতে। মাহফুজুর রহমান সাহেবের অনুপ্রেরণাতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’
নতুন প্রজন্মের শিল্পীদের প্রসঙ্গ টেনে মান্নান মোহাম্মদ বলেন, ‘আজকাল অনেকেই প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই গান গাইছেন। কিন্তু এই আয়োজনে শুধু প্রকৃত ও যোগ্য শিল্পীরাই সুযোগ পাবেন। মান বজায় রাখার ক্ষেত্রে আমরা কোনো আপস করিনি।’
কাজল আরিফ ২০১৩ সালে ‘নতুন একটা প্রেমে পড়ো’ শিরোনামের একক অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন। এরপর ধারাবাহিকভাবে মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাসো’ এবং ন্যান্সির সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘বর্ষাবরণ’।
- বিষয় :
- নতুন গান
