বিমানবন্দরে প্রথমরাব দেখা, চঞ্চলকে জড়িয়ে ধরলেন অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত ও চঞ্চল চৌধুরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৪ | ১৫:৫৪ | আপডেট: ০১ মে ২০২৪ | ১৬:০৫
সংগীত তারকা হিসেবে খ্যাতি ছড়ালেও নির্মাতা কিংবা অভিনেতা হিসেবেও অঞ্জন দত্তর সমানে সমান। পশ্চিমবঙ্গের এই কিংবদন্তী বরাবরই বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে উচ্ছ্বসিত। এমনকি তাকে নিয়ে মাঝখানে একটি সিরিজ নির্মাণের কথা ছিলো নির্মাতা অঞ্জনের! শেষমেশ সেটা আর হয়ে ওঠেনি। আজ প্রথমবার তাদের সাক্ষাৎ ঘটলো! তাও ঢাকার বিমানবন্দরে! এমনটাই জানালেন চঞ্চল।
বুধবার দুপুরে নিজের ফেসবুকে অঞ্জনের সাথে একটি স্থিরচিত্র পোস্ট করেন চঞ্চল বলেন, “চলতি পথে অঞ্জনদা, প্রিয় শিল্পী অঞ্জন দত্তের সংগে ঢাকা এয়ারপোর্টে দেখা। প্রথম সামনা সামনি দেখা! অথচ কি স্নেহ আর ভালোবাসায় জড়িয়ে ধরলেন আমাকে!”
চঞ্চল বলেন, “এর আগে কয়েকবার যোগাযোগ হয়েছে ফোনে। ওনার সাথে কয়েকটা কাজ হতে হতেও হয়নি। আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে,নতুন ধারার বাংলা গান নিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া শিল্পীদের মধ্যে তিনি একজন। এছাড়া তাঁর অভিনয় বা নির্মাণের পারদর্শিতাও আমাকে মুগ্ধ করে।”
সর্বশেষ চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত ‘চালচিত্র এখন’ সিনেমাটি নিয়ে এসেছিলেন অঞ্জন। ছবিটি উৎসবে ভূয়সী প্রশংসা পায়। সেই সঙ্গে সেরা অভিনেতার পুরস্কারটিও নিয়ে নেন অঞ্জন। এই উৎসবে এসেও চঞ্চল চৌধুরীকে নিয়ে গণমাধ্যমে কথা বলেন অঞ্জন।
চঞ্চল প্রসঙ্গে অঞ্জন বলেন, “চঞ্চল খুবই পাওয়ারফুল একজন অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে। ‘মনের মানুষ’ সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পর তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে আমার সিনেমাতেও কাজ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি।’’
১০ মে ওটিটি প্লাটফর্ম হইচইতে আসছে অঞ্জন দত্তের সিনেমা ‘চালচিত্র এখন’। ঠিক এর পরদিন ঢাকায় রয়েছে অঞ্জন দত্তের কনসার্ট। রাজধানীর পূর্বাচলের ঢাকা এরিনাতে বসছে এই আয়োজন। এদিন অঞ্জনের সঙ্গে আরও গাইবেন তরুণ গায়ক আহমেদ হাসান সানি। থাকবে ব্যান্ডদল কাকতাল।
- বিষয় :
- চঞ্চল চৌধুরী
- অঞ্জন দত্ত
