এ উপহার খুবই সাধারণ: শাকিল খান
শাকিল খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৫:১৪ | আপডেট: ১৯ মে ২০২০ | ০৫:৩৬
সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। কিন্তু এখন আর অভিনয়ে নেই তিনি। ব্যবসায় মনোযোগী হয়েছেন। তবে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে বাস্তবের নায়কের পরিচয়ই দিলেন। ঢাকায় করোনাভাইরাস প্রতিরোধে বিলি করছেন এন-৯৫ মাস্কের বিকল্প কেএন-৯৫ মাস্ক এবং নিজে গ্রামে নগদ টাকা ও খাবার দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
ঢাকাতে শাকিল খান প্রায় দুই হাজার কেএন-৯৫ মাস্ক প্রদান করেন। এছাড়াও সোমবার প্রেসক্লাবে ২০০ সাংবাদিককে মাস্ক দেন তিনি।
সামাজিক দায়িত্বশীলতার জায়গা থেকেই কাজটি করছেন বলে জানালেন শাকিল খান। তিনি বলেন, ‘দেশ ভালো নেই। শুধু আমাদের দেশ নয় পুরো বিশ্বই এখন অচল হয়ে আছে। এই পরিস্থিতিতে সামনে থেকে যারা আমাদের নিরাপত্তা ও সেবা দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে কিছু মানুষকে গতকাল মাস্ক দিয়েছি। তবে তাদের অবদানের হিসেবে এ উপহার খুবই সাধারণ। তবুও আমি আমার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।'
এছাড়াও মালিবাগ এসবি শাখা এবং মেয়রের কাছে একত্রে আরও ১ হাজার ৫০০টি মাস্ক দেবেন বলেও জানান শাকিল খান। অন্যদিকে বাগেরহাট জেলাতে শাকিল খানের অর্থায়নে ৮০ মণ চাল পর্যায়ক্রমে দেয়া হচ্ছে। পাশাপাশি দেয়া হচ্ছে নগদ অর্থও।
শাকিল খান বলেন, ‘গ্রামে ৮০ মণ চাল প্রদান করা হচ্ছে। এছাড়াও ৫০০ থেকে হাজার টাকা করে সহায়তা পৌঁছে দিয়েছি, এমন মানুষের সংখ্যা প্রায় ৪৫০–এর মতো। আমি যতটা পারি সাধ্যের মধ্যে থেকে সাহায্য করছি।'
এই সময় তিনি মনক্ষুণ্ণ হয়ে বলেন, 'অনেক সময় মানুষ মনে করেন, এটা ব্যবসা। আমি সহযোগিতা করছি নিউজ হচ্ছে। বিষয়টি কিন্তু তেমন না। আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষকে সহযোগিতা করে ছবি তুলতে আমার লজ্জা লাগে। এ দেশের নাগরিক হিসেবে মানুষকে সহযোগিতা করছি।'
এছাড়াও সিনেমার অনেক প্রোডাকশনের ম্যানেজার ও প্রোডাকশন বয়দেরও তিনি সহায়তা করছেন বলে জানিয়েছেন ঢাকাই ছবির এ নায়ক।