মেসিদের জন্য প্রস্তুত সুইসরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৯:০৪
বাহাত্তর বছর পর উঠেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সাত দশকের বেশি সময়ের অপেক্ষার পর বিশ্বকাপের শেষ আটে ওঠা সুইসরা ভাসছে আনন্দে। অতীতে কখনোই বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে না পারা সুইসরা স্বপ্ন দেখছে সেরা চারে ওঠার। সেই স্বপ্ন পূরণ করতে হলে তাদের হারাতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
কাগজে-কলমে এবং শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা লিওনেল মেসি-এনজো ফার্নান্দেজদের হারানোটা কঠিন চ্যালেঞ্জ সুইজারল্যান্ডের জন্য।
সেই চ্যালেঞ্জ জিততে দলটি প্রস্তুত আছে বলে জানিয়েছেন মানুয়েল আকাঞ্জি, ‘তারা (আর্জেন্টিনা) গতবারের বিশ্বচ্যাম্পিয়ন, যাদের আমরা ট্রফি উঁচিয়ে ধরতে দেখেছি। আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলব। আমার মনে হয় না, এর চেয়ে বড় কোয়ার্টার ফাইনাল কেউ চাইতে পারে। প্রতিটি রাউন্ডের সঙ্গে চ্যালেঞ্জও আরও কঠিন হবে। তবে আমি বিশ্বাস করি, আমরাও এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
বাংলাদেশ সময় রোববার সকালে কানসাস সিটিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতেছে ৪-৩ গোলে। সেই জয়ের পর সুইসরা বেশ আত্মবিশ্বাসী। কিন্তু আলবেসিলেস্তেদের বিপক্ষে বিশ্বকাপে সুইজারল্যান্ডের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। আগের দুই লড়াইয়ে হেরেছিল তারা।