ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এমবাপ্পের গোড়ালির চোট কতটা গুরুতর

এমবাপ্পের গোড়ালির চোট কতটা গুরুতর
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১০:০০

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তবে বোস্টনের মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য দুশ্চিন্তায় পড়ে যায় পুরো ফরাসি শিবির। ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এর আগে ৬০ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ৬৬ মিনিটে উসমান দেম্বেলের গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কিন্তু হঠাৎ চোট নিয়ে মাঠ ছাড়ায় সেমিফাইনালের আগে এমবাপ্পের ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়।

তবে ম্যাচ শেষে সেই শঙ্কা দূর করেছেন ফরাসি অধিনায়ক নিজেই। তিনি জানিয়েছেন, চোট গুরুতর নয় এবং তিনি পুরোপুরি সুস্থ আছেন। ম্যাচ শেষে মিক্সড জোনে এমবাপ্পে বলেন, ‘আমার গোড়ালিতে সামান্য আঘাত লেগেছিল, তবে এখন আমি পুরোপুরি ঠিক আছি। ওই সময় বেঞ্চে থাকা জ্যঁ-ফিলিপ মাতেতা আমার চেয়ে অনেক বেশি সতেজ ছিল। তাই দলের স্বার্থেই আমি মাঠ ছেড়ে তাকে সুযোগ করে দিয়েছি।’

ফরাসি তারকার পুরো মনোযোগ এখন সেমিফাইনালের দিকে। আগামী ১৪ জুলাই শেষ চারের লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী।

মরক্কোর বিপক্ষে জয়ের পর দলের সাফল্যের মূল মন্ত্রও জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘এই দলের সাফল্যের রহস্য একটাই, জয়। আমরা জিততে না পারা পর্যন্ত লড়াই থামাই না। সেটাই আমাদের মানসিকতা।’

সেমিফাইনালের কঠিন চ্যালেঞ্জ নিয়েও আত্মবিশ্বাসী ফরাসি অধিনায়ক, ‘সেমিফাইনালে উঠতে পেরে আমরা আনন্দিত, কিন্তু আমাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আমরা জানি, এখন থেকে প্রতিটি ম্যাচ আগের চেয়ে কঠিন হবে। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।’

আরও পড়ুন

×