তারা আমাকে মেরে ফেলতে পারে, সব তালিকায় আমার নাম রয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
সিএনএন
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১০:৩৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাকে হত্যার লক্ষ্য নিয়ে ইরানের বিভিন্ন ‘হিটলিস্টে’ (তালিকায়) তার নাম রয়েছে। একই সময়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যার একটি নতুন পরিকল্পনা সম্পর্কে ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা সতর্কবার্তা দিয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে সিএনএন জানায়, চলতি সপ্তাহে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হত্যাচেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও বিভিন্ন তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের দেওয়া তথ্যটি একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে।
তবে কয়েকজন মার্কিন কর্মকর্তার মতে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে কি না, সে বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করতেই ইসরায়েল এ তথ্য সামনে এনে থাকতে পারে। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো আশঙ্কা করে আসছে, প্রতিশোধ হিসেবে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে।
গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের নেতাকে, অর্থাৎ আমাকে সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটি হিটলিস্টে আছি। আজ সকালেই দেখলাম, সব তালিকায় আমার নাম রয়েছে। এখন পর্যন্ত আমি ভাগ্যবান ছিলাম, কিন্তু ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে।’
ইরানের নেতৃত্বকে কড়া ভাষায় সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এরা অত্যন্ত দুষ্ট ও মানসিকভাবে অসুস্থ মানুষ। এই ক্যানসারকে শুরুতেই উপড়ে ফেলতে হবে।’
পরে ট্রাম্প আরও দাবি করেন, তিনি সম্প্রতি এমন একটি নতুন তালিকার কথা জেনেছেন, যেখানে ইরানের প্রধান লক্ষ্য হিসেবে তার নাম সবার ওপরে রয়েছে। তবে তিনি ইসরায়েলের সর্বশেষ গোয়েন্দা সতর্কবার্তার কথাই উল্লেখ করছিলেন কি না, তা স্পষ্ট নয়।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের ট্রাম্পবিরোধী স্লোগানের ঘটনাও সাম্প্রতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কয়েকটি পক্ষের ওপর নজরদারি করছে, যারা সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা করেছে বলে তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
একটি সূত্রের ভাষ্য, ইসরায়েলের এ প্রতিবেদনকে মার্কিন গোয়েন্দা মহলের একটি অংশ কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখছে। কারণ, ইরান ইস্যুতে ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার মধ্যে বরাবরই সতর্কতা ও সন্দেহ রয়েছে।
এর মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ চলছে। এক মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরান আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- ইরান