সুনামগঞ্জ
কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপরে
ছবি- সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১০:৪৯
টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। জেলার পাঁচটি কেন্দ্রের মধ্যে চারটিতে নদীর পানি বেড়েছে। এর মধ্যে শাল্লা উপজেলার মারকুলি স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ১০ সেন্টিমিটার বেড়ে ৭ দশমিক ৩০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচে রয়েছে।
ছাতক স্টেশনে সুরমা নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়ে ৮ দশমিক ৩৮ মিটার উচ্চতায় পৌঁছেছে, যা বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচে রয়েছে।
অন্যদিকে কুশিয়ারা নদীর পানি মারকুলি স্টেশনে ৭ সেন্টিমিটার বেড়ে ৭ দশমিক ২৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যাদুকাটা নদীর লাউড়েরগড় স্টেশনে পানি ৪২ সেন্টিমিটার কমে ৭ দশমিক ২৮ মিটার উচ্চতায় নেমেছে, যা বিপদসীমার ৭৭ সেন্টিমিটার নিচে রয়েছে। এছাড়া দিরাইয়ে পুরাতন সুরমা নদীর পানি ৩ সেন্টিমিটার বেড়ে ৫ দশমিক ৮১ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৭ দশমিক ৭৪ মিটার নিচে রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লাউড়েরগড়ে। একই সময়ে সুনামগঞ্জে ৭৭ মিলিমিটার, দিরাইয়ে ২০ মিলিমিটার এবং ছাতকে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।