ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত ছাদেকুর রহমান পেলেন পদোন্নতি

প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত ছাদেকুর রহমান পেলেন পদোন্নতি
×

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১১:১৬ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১২:২২

কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া‌ ছাদেকুর রহমান পদোন্নতি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের তদন্ত চলছিল। এর মধ্যে বৃহস্পতিবার যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি। এ দিন উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৭৯ জন কর্মকর্তা। সেই তালিকায় ৬৭ নম্বরে রয়েছেন ছাদেকুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, বর্জ্য অপসারণে ছাদেকুরের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হিসেবে আছেন। 

গত ২৮ মে ছিল ঈদুল আজহা। নগরবাসী নানা স্থানে কোরবানি দেয়। সেই বর্জ্য ঠিকমতো অপসারণ করা হয়েছে কিনা তা দেখতে ঈদের পরদিন নিজেই গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সিটি করপোরেশন কর্মীদের পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখেন তিনি।

পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে নির্দেশ ছিল দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার।

পরে দায়িত্বে অবহেলার কারণে এই দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন। তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল- ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

জানা যায়, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

×