কেইনদের চ্যালেঞ্জ জানাচ্ছেন ওডেগার্ডরা
আহসান হাবিব সম্রাট
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৯:৩৩
বিশ্বকাপে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ২৮ বছর পর টুর্নামেন্টে ফেরা নরওয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নর্ডিক লায়ন্সরা মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা স্ক্যান্ডিনেভিয়ান দেশটি টুর্নামেন্টের শেষ ষোলোতে ‘আন্ডারডগ’ হিসেবে মাঠে নেমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে চমক উপহার দেয়। যে ম্যাচে নরওয়ের পক্ষে জোড়া গোল করেন দলের ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড। আগামীকাল শনিবার রাতে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠেয় লড়াইয়ে নরওয়ে থ্রি লায়ন্সদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
কোচ টমাস টুখেলের শিষ্যদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে নরওয়ের আর্সেনাল তারকা ওডেগার্ড বলেন, ‘ইংল্যান্ড দলের শক্তির গভীরতা সম্পর্কে আমাদের জানা আছে। আমি প্রতিপক্ষ দলের সবাইকে ভালো করে চিনি। ইংল্যান্ড দলের অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছেন, যারা বিশ্বমানের ফুটবলার। এই মুহূর্তে সম্ভবত বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ড। সুতরাং এই ম্যাচটি আমাদের জন্য কঠিন এক পরীক্ষা।’
তবে টুর্নামেন্টে সেনেগাল, আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়ে এরই মধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নর্ডিক লায়ন্সরা। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে সেলেসাওদের হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ওডেগার্ডরা। ইংলিশদের বিপক্ষে মুখোমুখির আগে সেই ম্যাচ থেকেই প্রেরণা নিচ্ছেন আর্সেনাল অধিনায়ক, ‘আমি মনে করি ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও একই চিত্র ছিল। নেইমারদের বিপক্ষেও আমরা আন্ডারডগ হিসেবেই মাঠে নেমেছিলাম। আপনারা দেখেছেন, ফুটবলে যে কোনো কিছুই ঘটা অসম্ভব নয়। সুতরাং, আমরা অবশ্যই জয়ের জন্যই মাঠে নামব এবং আমাদের সামর্থ্যের সবটা নিংড়ে দেব। আমরা মাঠে কী করতে পারি, সেটাই দেখতে চাইব। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’
নরওয়ের আক্রমণভাগ তারকা আর্লিং হালান্ডসহ অনেকেরই ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। যেটা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভাইকিংদের বাড়তি সুবিধা দেবে কিনা– এমন প্রশ্নের জবাবে এই মিডফিল্ডার বলেন, ‘এটা সত্য যে, আমাদের দলের অনেকেই ইংল্যান্ডে খেলেন। সুতরাং প্রতিপক্ষ খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে আমরা খুব ভালো জানি। ইংলিশ প্রিমিয়ার লিগে ইংল্যান্ড দলের অনেকের বিপক্ষেই আমরা খেলে থাকি। যে কারণে তাদের সম্পর্কে জানাশোনাটা ভালো। কিন্তু দল হিসেবে ইংল্যান্ড সবার জন্যই শক্ত প্রতিপক্ষ। সেজন্য আমাদের যথাযথ প্রস্তুত থাকতে হবে। আমরা সবসময়ই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করি, আগামী ম্যাচ সামনে রেখেও সেটা করা হচ্ছে। সর্বোপরি এ ধরনের ম্যাচে নিজেদের সামর্থ্যের ওপর আত্মবিশ্বাস থাকা জরুরি।’
কোয়ার্টার ফাইনালের মহারণ সামনে রেখে ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ ও ১৯তম স্থানে থাকা দল দুটি নিজেদের কৌশল সাজাচ্ছে। শক্ত লড়াইয়ের আগে মায়ামির তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে গত মঙ্গলবারই সেখানে তাঁবু ফেলেছে নরওয়ে। বুধবার থেকে মায়ামির ফোর্ট লডারডেল মাঠে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে নর্ডিক লায়ন্সরা। অন্যদিকে শুক্রবার পর্যন্ত নিজেদের বিশ্বকাপ তাঁবু কানসাস সিটিতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
- বিষয় :
- হ্যারি কেন
- বিশ্বকাপ ফুটবল
- ইংল্যান্ড
- নরওয়ে