ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মেসিদের থামাতে সুইজারল্যান্ডের ‘অদ্ভুত’ প্রস্তুতি

মেসিদের থামাতে সুইজারল্যান্ডের ‘অদ্ভুত’ প্রস্তুতি
×

আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত সুইজারল্যান্ড। ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১০:৪০

২০২৬ বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার পথ মোটেও সহজ ছিল না। লিওনেল মেসির নেতৃত্বে শেষ আটে উঠলেও দলটির প্রতিটি নকআউট ম্যাচের পরই রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিপক্ষরা প্রায় সবাই ম্যাচ শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটের মধ্যে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রতিটি মুহূর্তই খুঁটিয়ে বিশ্লেষণ করেছে তাদের পরবর্তী প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

আর তাই রোববার ক্যানসাস সিটিতে মেসিদের মুখোমুখি হওয়ার আগে কোনো রকম ভাগ্যের ওপর ছেড়ে দিতে নারাজ সুইসরা। বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে এবার অনুশীলনে ‘অদ্ভুত’ কৌশল বেছে নিয়েছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক হোসে রামন ফার্নান্দেজের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের অনুশীলনে ইচ্ছাকৃতভাবেই অসম সংখ্যক খেলোয়াড় নিয়ে ম্যাচ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কখনো ১১ জনের বিপক্ষে ১০ জন, কখনো ৯ জন, এমনকি মাত্র ৮ জন নিয়েও অনুশীলন করছে সুইস ফুটবলাররা। ম্যাচে যদি লাল কার্ডের মতো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, তাহলে যেন দল কৌশলগতভাবে ভেঙে না পড়ে এবং কম খেলোয়াড় নিয়েও সংগঠিত ফুটবল খেলতে পারে।

শুধু তাই নয়, গোলরক্ষক গ্রেগর কোবেল ও গোলকিপিং কোচ প্রতিদিন দীর্ঘ সময় ধরে আলাদা করে পেনাল্টি শুটআউটের অনুশীলন করছেন। ম্যাচ টাইব্রেকারে গড়ালে কীভাবে চাপ সামলে ফল নিজেদের পক্ষে আনা যায়, সেটিও প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।

সুইস শিবিরে এই ম্যাচকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে। মুরাত ইয়াকিনের বিশ্বাস, আর্জেন্টিনা যতই বিশ্বচ্যাম্পিয়ন হোক, তারা মোটেও অজেয় নয়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচ আমরা খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেছি। সেখানে তাদের কিছু দুর্বলতা চোখে পড়েছে। তারা অপরাজেয় নয়। সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে পারলে তাদের থামানো সম্ভব।’

এই আত্মবিশ্বাসের পেছনে অবশ্য কারণও আছে। শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। চাপের মুহূর্ত সামলে ম্যাচ বের করে আনার অভিজ্ঞতাও তাই রয়েছে তাদের।

আরও পড়ুন

×