অঞ্জন গাইলেন-গাওয়ালেন, মালার জন্য কেকও কাটলেন
কনসার্টে গাইছেন অঞ্জন দত্ত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৪ | ১৭:২৬ | আপডেট: ১২ মে ২০২৪ | ২৩:৪৬
১২ মে প্রতি বছর ফিরে ফিরে আসে, সেই সাথে ফিরে আসে ফেলে যাওয়া মালার পুরনো প্রেমিকের পাগলামি প্রলাপও। এই ১২ মে’র ঠিক আগের রাতে ঢাকায় এসেও মালাকে নিয়ে গাইলেন অঞ্জন দত্ত। গাইলেন, `এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার/ এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।'
ঢাকায় মালার ৩২তম জন্মদিন উপলক্ষে মঞ্চে কেকও কাটেন অঞ্জন দত্ত। সামনে উপস্থিত ছিলেন নানা বয়সী এক সমুদ্র অঞ্জনভক্ত।
শনিবার সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে কনসার্ট হয় পূর্বাচল এক্সপ্রেসওয়ে–সংলগ্ন ৩০০ ফিটের ঢাকা অ্যারেনায়। অঞ্জনকে নিয়ে এই কনসার্টের আয়োজন করেছে যৌথভাবে অ্যাসেন, জির্কুনিয়ামি ও আর্কলাইট ইভেন্টস।
যে কনসার্টে মঞ্চে উঠে ‘আমি বৃষ্টি দেখেছি’, থেকে শুরু করে অঞ্জন দত্ত গেয়ে শোনান ‘ম্যারিয়ান’, ‘বেলা বোস’, ‘ছাদের ধারের রেলিংটা’, ‘রঞ্জনা’,‘মালা’ গানগুলো।

অঞ্জন দত্ত গাওয়ার আগে কনসার্টের শুরুটা হয় স্থানীয় দুই শিল্পী নূর আর সৌরভের গান দিয়ে। এরপর ঠিক ৭টা ২০ মিনিটে মঞ্চে ওঠেন শিল্পী আহমেদ হাসান সানি। মঞ্চে তাকে দেখেই হইহুল্লোড় করে ওঠেন ভক্তরা। সাদা শার্ট, কালো প্যান্ট আর চোখে সানগ্লাসে সানি গানে গানে ছড়িয়ে দেন অন্যরকম এক আবহ। এদিন অড সিগনেচার ব্যান্ডের লিড ভোকাল তানভীর আহাসান পিয়াল সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবরও ছিল। মঞ্চে তাই সহকর্মী পিয়ালকে উৎসর্গ করে সানি গেয়ে শোনান ‘আমারে চাও’। স্রোতামহলে তখন বিষাদের সুর। প্রতিটি চোখমুখ যেনো পিয়ালকে অনুভব করছিলেন। সানি একে একে শুনিয়ে যান তার জনপ্রিয় সব গান।
বিস্তৃত খোলা মাঠে হচ্ছিল কনসার্ট। পরিবেশ না না ঠান্ডা না গরম। এমন পরিবেশে অনেকেই প্রিয় মানুষকে নিয়ে রাজধানীর নানাপ্রান্ত থেকে ছুটে এসেছেন অঞ্জনকে দেখতে, সরাসরি তাকে শুনতে।
রাত ৯ টার দিকে মঞ্চে উঠেন অঞ্জন দত্ত। তিনি মঞ্চে উঠতেই কড়তালি দিয়ে তাকে বরণ করে নেন সবাই। কড়তালির আওয়াজ থামতেই দুঃসংবাদ দেন গায়ক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চিকিৎসক বারণ করা সত্বেও আপনাদের গান শোনাতে ঢাকায় এলাম। আরও জানালেন, পিঠে তার প্রচণ্ড ব্যাথা। তাই দাঁড়িয়ে গাইতে পারবেন না। বসে বসেই আজ গান শোনাতে হবে তাকে। এ জন্য বার বার দুঃখ প্রকাশও করতে থাকেন গায়ক।
অঞ্জন দত্তের আগে মঞ্চে ওঠার কথা ছিল ব্যান্ড ‘কাকতাল’র। কিন্তু অঞ্জন অসুস্থ থাকায় তাকেই আগে মঞ্চ ছেড়ে দেওয়া হয়। গানের মাঝে তাই কাকতালকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শিল্পী।
পরে রাত ১১টার দিকে মঞ্চে উঠে ‘কাকতাল’। তারা গাইতে থাকে ‘কিছু নেই কিছু নেই’, ‘লাশকাটা ঘরে’ গাইতে গাইতে ব্যান্ডটি শোনায় ঢাকা সেন্ট্রাল জেল থেকে তার যাত্রা শুরুর গল্প।
- বিষয় :
- অঞ্জন দত্ত
- কনসার্ট
