মহারাজার বাজিমাত, বিজয়ের হাফ-সেঞ্চুরি
বিজয় সেতুপতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ১৪:১৪ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ | ১৪:৩৭
বিজয় সেতুপতির ক্যারিয়ারের ৫০তম সিনেমা ‘মহারাজা’। তিনি ক্যারিয়ারের এই মাইলফলক স্পর্শ করলেন মনে রাখার মতো একটা সিনেমা দিয়ে। গত বৃহস্পতিবার রাতে নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছে নিথিলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি। ‘মহারাজা’ মুক্তির পর থেকে আবার আলোচনায় জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি।
নিথিলান স্বামীনাথনের দ্বিতীয় সিনেমা এটি। অ্যাকশন-থ্রিলার ঘরানার প্রতি এই লেখক-পরিচালকের দুর্বলতা লক্ষণীয়। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘কুরাঙ্গু বোমাই’-এর মতো ‘মহারাজা’ও অ্যাকশন-থ্রিলার ঘরানার।
এরপর এক মাস না যেতেই বক্স অফিস থেকে ১১৩ কোটি রুপি আয় করেছে ২০ কোটি রুপি বাজেটের ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যম রেডিফ ডটকমের অর্জুন মেনন মহারাজার রেটিং দিয়েছেন ৫-এ ৪। তিনি লিখেছেন, ‘রিভেঞ্জ সিনেমায় নতুন সংযোজন এটি। শেষের এক ঘণ্টা আপনাকে চমকে দেবে: একই সঙ্গে দর্শক হিসেবেও আপনার পরীক্ষা নেবে।’
টাইমস নাউয়ের সমালোচক মনিকানদান লিখেছেন, ‘চিত্রনাট্যের গাঁথুনি মজবুত। সিনেমাটিতে কিছু দুর্বলতা থাকলেও সেটা অভিনয়শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্সে মনে থাকে না।’ তিনি ৫-এ রেটিং দিয়েছেন ৩ দশমিক ৫।
জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইটের ভোকালিস্ট শাকিব চৌধুরী নিয়মিত দেশি-বিদেশি সিনেমার রিভিউ করেন ‘গিক মিথ’ চ্যানেলে। ‘মহারাজা’ দেখে তিনি উচ্ছ্বসিত। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি সিনেমাটি নিয়ে লিখেছেন, ‘চলতি বছরের অন্যতম সেরা সিনেমা। মাস্টারক্লাস চিত্রনাট্য।’
চলতি বছরের অন্যতম ব্যবসাসফল এই তামিল সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অনুরাগ কশ্যপ, মমতা মোহনদাস প্রমুখ।
- বিষয় :
- বিজয় সেতুপতি
