মঞ্চ ছেড়ে দিলেন অঞ্জন দত্ত!
অঞ্জন দত্ত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৬
কলকাতার নন্দিত সংগীতশিল্পী অঞ্জন দত্ত। দুই বাংলাতেই জনপ্রিয়তা রয়েছে তাঁর। তবে গানই শুধু নয়, তাঁর অভিনয়ের ভক্তও কম নয়। পাশাপাশি তাঁর নির্মাণের ভক্তও আছে। এসব ছাপিয়ে মঞ্চে রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। সত্তরের দশকের গোড়াতে অঞ্জন দত্তের শুরু হয়েছিল মঞ্চনাটক দিয়ে।
নিজেকে নাট্যাভিনেতা হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তিনি। সেই অঞ্জন দত্তই হঠাৎ বার্তা দিলেন শেষ নাটকের। ফেসবুকে নতুন নাটকের পোস্টার শেয়ার করে অঞ্জন দত্ত জানালেন, এটাই তাঁর শেষ নাটক।
হিন্দুস্তান টাইমস জানায়, উইলিয়াম শেকসপিয়ারের উপন্যাস ‘কিং লিয়ার’ থেকে অনুপ্রাণিত হয়ে অঞ্জন দত্ত লিখেছেন ‘আরও একটা লিয়ার’। অঞ্জন জানিয়েছেন, আগামী নভেম্বরে মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি। এটিই হতে পারে তাঁর নাট্যজীবনের শেষ মঞ্চনাটক।

মঞ্চনাটককে বিদায় বলা প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে অঞ্জন দত্ত বলেন, ‘নভেম্বরে যখন নাটকটা করব, ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না। নাটকে নিজে অভিনয় করি। ৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি, তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।’
শেষ নাটক হিসেবে আরও একটা লিয়ারকে বেছে নেওয়ার কারণ হিসেবে অঞ্জন বলেন, ‘আমার যে বয়স, নাটকে তার কাছাকাছি কোনো চরিত্র করতে পছন্দ করি। কম বয়সে চুল সাদা করে বেশি বয়সের চরিত্র করেছি এমন নয়। সেদিক থেকে এবার নাটকের চরিত্রটা আমার জন্য উপযুক্ত। আর শেষ নাটক যখন, তখন উইলিয়াম শেকসপিয়ারের ছোঁয়া থাকলে ভালো হবে, সেটিও মনে হলো।’

আরও একটা লিয়ার নাটক সম্পর্কে অঞ্জন দত্ত জানান, সমাজে দুর্নীতি ও ফ্যাসিজমের মধ্যে পড়ে মানুষ ছটফট করে। সেই ভাবনা শেকসপিয়ারের এই নাটকেও আছে। তাই নাটকটা যে পরিচালকের রাজনৈতিক বিশ্লেষণের প্রতিচ্ছবি হবে, সেটা আশা করা যায়।
- বিষয় :
- অঞ্জন দত্ত
- মঞ্চ নাটক
