ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

জাতীয় পর্যায়ে ছবিমুক্তির বাজেট আমার নেই: অঞ্জন দত্ত

জাতীয় পর্যায়ে ছবিমুক্তির বাজেট আমার নেই: অঞ্জন দত্ত
×

অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ১৭:৪৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ | ১৭:৪৯

চলতি বছরে মুক্তি পায় অঞ্জন ও নীল দত্ত প্রযোজিত এবং পরিচালিত ছবি ‘চালচিত্র এখন’। মুক্তির পর ছবিটি দর্শকমহলে প্রশংসিত হয় এবং এখনও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবির উড়ান অব্যাহত। ওটিটির পাশাপাশি ছবিটি কলকাতা শহরের হাতেগোনা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কেরিয়ারে একাধিক বড় বাজেটের ছবি পরিচালনা করা সত্ত্বেও আগামী দিনে ‘চালচিত্র’ মডেলেই ছবি পরিচালনা করতে আগ্রহী অঞ্জন। পরিচালকের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক কারণ।

অঞ্জন আগেও জানিয়েছেন, ‘চালচিত্র এখন’ মূলত তিনি সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার অনুরাগীদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। ফলত তার জন্য তাঁর কাছে একমাত্র পথ ছিল ওটিটি। অঞ্জন বললেন, ‘জাতীয় পর্যায়ে ছবিমুক্তির মতো বাজেট আমার নেই। সেখানে আমার পুরনো ছবিও লক্ষ্য করেছি ওটিটিতে খুব ভাল ফল করেছে।’

অঞ্জন বিশ্বাস করেন, তাঁর দর্শক এবং শ্রোতাদের একটা বড় অংশ এখন প্রবাসী বাঙালি। তাই তাঁদের প্রতি শিল্পী হিসাবে তার আলাদা দায়বদ্ধতা রয়েছে। উদাহরণস্বরূপ বললেন, ‘আমি আগে জেলায়, জেলায় কনসার্ট করতাম। এখন করি দেশের অন্যান্য রাজ্যে। ফলে বিষয়টি আমার কাছে আরও স্পষ্ট হয়ে গিয়েছে।’

মুক্তির আগে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জেতে ‘চালচিত্র এখন’। তারপর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন অঞ্জন।

তার কথায়, ‘চালচিত্র এখন’ ছবি দিয়ে অনেকগুলো দরজা খুলে যায়। পরপর ছবিটা একাধিক উৎসবে যায় এবং পুরস্কারও জেতে। মাদ্রিদে ইম্যাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার জেতে ছবিটি। সেরা অভিনেতার পুরস্কার জেতেন অঞ্জন এবং শাওন চক্রবর্তী। এ ছাড়াও সেরা চিত্রনাট্য এবং সেরা প্রোডাকশনের (অঞ্জন এবং নীল দত্ত) পুরস্কারও আসে। এখানেই শেষ নয়। প্যারিসে ‘গঁজ সার সিন’ চলচ্চিত্র উৎসবে চলতি মাসেই চারটি পুরস্কার জিতেছে ‘চালচিত্র এখন’। অঞ্জনের ঝুলিতে সেরা পরিচালক এবং অভিনেতার পুরস্কার তো রয়েছে। পাশাপাশি, সেরা সম্পাদনা এবং সেরা সাউন্ডের জন্য পুরস্কৃত হন যথাক্রমে অর্ঘ্যকমল মিত্র এবং তীর্থঙ্কর মজুমদার।

ইতিমধ্যেই অঞ্জন ঘোষণা করেছেন, শেক্সপিয়রের ‘কিং লিয়র’ তাঁর শেষ নাটক হতে চলেছে। তবে ছবি পরিচালনা থেকে তিনি অবসর নিতে নারাজ। কিন্তু, সে ক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত।

অঞ্জন বললেন, ‘আমি যা প্রতিক্রিয়া পেয়েছি, তারপর অন্য কোনও প্রযোজকের ভরসায় বসে থাকব না। আমি এবার থেকে নিজের টাকাতে এই মডেলেই ছবি তৈরি করব এবং তারপর চলচ্চিত্র উৎসবের উপর গুরুত্ব দেব।’

শিগগিরই ইটালির ত্রিয়েস্ত চলচ্চিত্র উৎসব এবং ফ্রান্সের তুলুস চলচ্চিত্র উৎসবে পাড়ি দেবে ‘চালচিত্র এখন’।

আরও পড়ুন

×