বাপ্পা মজুমদারের মেঘের মলাট
বাপ্পা মজুমদার। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১২:৫৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ১৩:০৪
অ্যালবামের পর এবার একক গান প্রকাশ করতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘মেঘের মলাট’। এর কথা লিখেছেন সর্দার গালিব। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা নিজে। গানে বাপ্পার নির্দেশনায় সহসংগীতায়োজক হিসেবে কাজ করেছেন দলছুট ব্যান্ডের বেইজ গিটারিস্ট জন সার্টন মুন্সি ও ড্রামার ডানো শেখ। ‘মেঘের মলাট’ গানটি মূলত একক অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন’-এর জন্য রেকর্ড করা। অ্যালবামের পাশাপাশি গানটি এবার আলাদাভাবে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে বলে বাপ্পা জানান।
এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘‘সময়ের ছাপ তুলে ধরার পাশাপাশি আনকোড়া কিছু তুলে ধরার প্রয়াসেই ‘মেঘের মলাট’ গানটি তৈরি করা। শ্রুতিমধুর করে তুলতে গানের সুর, সংগীতায়োজনে পরিমিতির ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। গানের কাব্য-কথায়ও আছে নতুনত্ব। অন্যদিকে নিজস্বয়তা ধরে রেখে গায়কীতে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা ছিল। সব মিলিয়ে গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি।’’
এদিকে সম্প্রতি অনলাইনে এবং ফিজিক্যাল সিডি আকারে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন তাঁর নতুন একক অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন’। আনকোড়া এবং বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ‘এই সময়’ ও ‘সেই সময়’ শিরোনামে দুটি ভাগে গানগুলো এতে রাখা হয়েছে। পুরোনো ছয়টি গানের নতুন করে সংগীতায়োজন করা হয়েছে। সব গানেরই সুর ও সংগীতায়োজন বাপ্পার নিজের করা। পাশাপাশি একটি গানের কথাও লিখেছেন তিনি। বাকি গানগুলোর কথা লিখেছেন মাস মাসুম, রাসেল ও’নীল, সানবীম, রানা, শাহান কবন্ধ, মেহেদি মহসীন, সোহেল আরমান প্রমুখ।
অ্যালবামের বাইরে বাপ্পা এখন ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো, টিভি আয়োজন ও নিজের এবং বিভিন্ন শিল্পীর গানের সুর ও সংগীতায়োজন নিয়ে। বছরের বিভিন্ন প্রান্তে তাঁর গাওয়া ও সংগীতায়োজনের বেশ কিছু একক ও দ্বৈত গান প্রকাশ পাবে বলেও বাপ্পা জানান।
- বিষয় :
- বাপ্পা মজুমদার
- সংগীতশিল্পী
