ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

শুভ-ঐশীর ‘নূর’ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত

শুভ-ঐশীর ‘নূর’ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
×

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: কোলাজ

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ১৬:৫৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ১৭:৫৫

এমনই এক সময় যখন নির্মাতারা প্রেক্ষাগৃহ আর ওটিটির মধ্যে নতুন করে সমীকরণ করছেন, তখন আলোচনায় এসেছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। একসময় বড় পর্দার জন্য বানানো এই সিনেমাই অবশেষে পেয়েছে নতুন গন্তব্য, ওটিটি। প্রায় তিন বছরের অপেক্ষা, সংশোধন, অনুমোদন আর নানা আলোচনার পর এবার সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে বায়োস্কোপ অ্যাপে।

২০২২ সালে সিনেমাটি প্রথম সেন্সর বোর্ডে জমা পড়ে। কিছু ত্রুটির কারণে ছাড়পত্র আটকে যায়। সংশোধন শেষে একই বছরের শেষ দিকে ছাড়পত্র মেলে। কিন্তু তারপরও পিছিয়ে যায় মুক্তি।

একসময় ছবির প্রযোজনা প্রতিষ্ঠানও বদলায়। শেষমেশ ২০২৪ সালের জুনে ‘কোয়ায়েট অ্যান্ড সেট’ নামে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির দায়িত্ব নেয়। এরপর আবার শুরু হয় নতুন করে পরিকল্পনা, মিটিং আর মুক্তির সম্ভাব্য প্ল্যাটফর্ম খোঁজা। আর সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এখনই প্রেক্ষাগৃহ নয়; বরং সরাসরি ওটিটিতে মুক্তি। 
রোমান্টিক গল্পের সিনেমাটি কবে মুক্তি পাবে তার তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে শোনা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই অন্তর্জালে আসবে এটি।  

সিনেমার পরিচালক রায়হান রাফী এখন ব্যস্ত আরেকটি কাজ নিয়ে। তবে ‘নূর’ নিয়ে তাঁর অনুভূতি বদলায়নি। তাঁর ভাষায়, ‘আমি সিনেমাটা আবার দেখে মনে হয়েছে ওটিটিতে মুক্তি দিলে দর্শক আরও কাছ থেকে উপভোগ করতে পারবে। দর্শক এখন ওটিটির দিকেও ঝুঁকছেন। তারা ভালো গল্পের সিনেমা সবসময়ই দেখতে চায়। নূর তেমনই এক সিনেমা। প্রেক্ষাগৃহের সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু সময় বদলেছে। সিদ্ধান্তও বদলেছে।’

তবে সিনেমাটির দুই প্রধান অভিনয়শিল্পীর মনেপ্রাণে ছিল ভিন্ন আশা। তাদের ইচ্ছে ছিল প্রেক্ষাগৃহে দর্শকের সামনে ফিরে আসা। শুভ ও ঐশী প্রথম ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেছেন, এরপর দেখা গেছে ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এ। নূর এ জুটির তৃতীয় সিনেমা। দর্শকও অপেক্ষায় ছিলেন এই জুটির রসায়ন আবার দেখতে।

ঐশীর সঙ্গে কথা হলে তিনি হেসে বলেন, ‘সিনেমা মানেই বড়পর্দা এই ধারণা আমাদের সবার ভেতরে ছিল। ‘নূর’ও তেমনই একটা কাজ। কিন্তু এখন ওটিটিও খুব শক্ত জায়গা। দর্শক এখন ঘরে বসেই সিনেমা দেখে, আলোচনা করে। তাই ভাবছি হয়তো এখানেই সিনোমটি নতুন করে তার দর্শক খুঁজে পাবে।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমরা যারা অভিনয় করেছি, গল্প, নির্মাণ– সব মিলিয়ে ‘নূর’ একটা আলাদা অনুভূতির কাজ। সম্প্রতি আরিফিন শুভর সঙ্গে সিনেমার প্রচারণাকে সামনে রেখে ফটোশুটে অংশ নিয়েছি। গণমাধ্যমের সঙ্গেও সিনেমাটি নিয়ে কথা বলছি। দর্শক কীভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।’’
সিনেমাটি নিয়ে আশার কথা শুনিয়েছেন শুভও। 

২০২১ সালের সেপ্টেম্বরে পাবনায় শুরু হয় ‘নূর’-এর দৃশ্যধারণের কাজ। শেষ হয় নভেম্বরে। অভিনয়ের পাশাপাশি এর সহ-প্রযোজনায়ও রয়েছেন আরিফিন শুভ। সিনেমার নাম ঘোষণা থেকে ছবির ফার্স্টলুক পোস্টার, সবকিছুতেই দর্শকের আগ্রহ দেখা গিয়েছিল। 

ঐশীর বর্তমান সময়টাও ব্যস্ততায় ভরা। সম্প্রতি শেষ করেছেন ‘সোলজার’ সিনেমার শুটিং, যেখানে আছেন শাকিব খানের বিপরীতে। অন্যদিকে শুভ কাজ শেষ করেছেন অনম বিশ্বাস পরিচালিত নতুন একটি সিনেমায়, সঙ্গে বলিউডের সিরিজ ‘জ্যাজ সিটি’; যার মুক্তির সময় এখনও অনিশ্চিত।

আরও পড়ুন

×