ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিয়ন্সের অনন্য অর্জন

বিয়ন্সের অনন্য অর্জন
×

সংগীতশিল্পী বিয়ন্সে। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ১৯:১৪ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ | ১৯:১৯

বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিয়ন্সে এখন আনুষ্ঠানিকভাবে কোটিপতিদের তালিকায় যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, পঞ্চম বিলিয়নেয়ার সংগীতশিল্পী হিসেবে এ মর্যাদা অর্জন করলেন তিনি। এর আগে এই তালিকায় রয়েছেন টেলর সুইফট, ব্রুস স্প্রিংস্টিন, রিহানা এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে-জেড।

সম্প্রতি ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, ৪৪ বছর বয়সী এই গ্র্যামি বিজয়ী তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যের ফলে এই অবস্থানে পৌঁছেছেন। ২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে বিয়ন্সের কান্ট্রি অ্যালবাম ‘কাউবয় কার্টার’ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতে নেয়। একই সঙ্গে সেরা কান্ট্রি অ্যালবাম বিভাগেও তিনি পুরস্কৃত হন, যা তাকে এই বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিজয়ী হিসেবে ইতিহাসে স্থান করে দেয়।

এ পর্যন্ত বিয়ন্সে মোট ৩৫টি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং ৯৯ বার মনোনীত হয়েছেন। ডেসটিনি’স চাইল্ড ব্যান্ডের সদস্য হিসেবে তার সংগীতজীবনের সূচনা, যা খুব দ্রুতই তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। 

লাইভ নেশনের তথ্য অনুযায়ী, বিয়ন্সের ‘কাউবয় কার্টার’ ট্যুর থেকে আয় হয়েছে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। এটি ইতিহাসের সর্বোচ্চ আয়কারী কান্ট্রি ট্যুর হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এর আগে তার ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ ইউরোপ ও উত্তর আমেরিকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। ২০২৪ সালে বিলবোর্ড তাঁকে একুশ শতকের সর্বশ্রেষ্ঠ পপতারকা হিসেবে ঘোষণা করে।

আরও পড়ুন

×