ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৮:০০

চাকরি স্থায়ীকরণ ও বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) কার্যকর করার দাবিতে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে মানববন্ধন করেছেন ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার বেবিচক সদর দপ্তর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। আয়োজকদের দাবি, দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও এখনো তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি এবং নিয়মিত ইনক্রিমেন্টও দেওয়া হচ্ছে না।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন কর্মী জানান, বেবিচকের বিদ্যমান প্রবিধান অনুযায়ী চাকরিতে যোগদানের দুই বছরের মধ্যে চাকরি স্থায়ী হওয়ার কথা থাকলেও চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের স্থায়ীকরণ হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, চাকরি স্থায়ীকরণসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টালবাহানা করছে। বাধ্য হয়েই তারা বেবিচক সদর দপ্তরের ভেতরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

তিনি আরও জানান, ২০২১ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে ৯০০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেকেই ইতোমধ্যে চাকরি ছেড়ে অন্য সরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। বর্তমানে ৫০০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। তারা চলতি জুলাই মাসের মধ্যেই ২০২১ সালের সার্কুলারের আওতায় নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণ এবং নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আয়োজকদের ভাষ্য, দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও স্থায়ী চাকরির স্বীকৃতি না পাওয়ায় তারা পেশাগত ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ বিষয়ে বেবিচক কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

×