উত্তরায় গভীর রাতে বাসের ধাক্কায় দুই সাংবাদিক নিহত
শাকিবুল হাসান ও রবিউল আলম রাজু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১২:৫৪
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ বলছে, গতকাল রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রবিউল আলম রাজু ও শাকিবুল হাসান। তারা বিআরটি লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী দূরপাল্লার একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬ -২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচন করছিলেন। আগামী ১৮ জুলাই এ নির্বাচন হওয়ার কথা।
এ তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, এ দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।