ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফাইনালটা উপভোগের আশা ফুয়েন্তের

ফাইনালটা উপভোগের আশা ফুয়েন্তের
×

ছবি- এএফপি

আহসান হাবিব সম্রাট 

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৩:৩৩

বিশ্বকাপের সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। সেমিফাইনালের নান্দনিক ম্যাচটিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় লা রোজা দল। এ জয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট পায় ২০২৪ সালের ইউরো শিরোপাজয়ী দলটি। ডালাস স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে জয়ের পর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ২০১০ বিশ্বকাপের চেতনায় উদ্দীপ্ত হয়েই দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে তাঁর দল। ১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই আসরে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে স্পেন।

সেমিফাইনালে এমবাপ্পে, দেম্বেলে, দুয়ে ও চেরকিদের নিয়ে গড়া ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগকে দারুণভাবে রুখে দিতে সক্ষম হয় পোরো, কুকুরেয়া ও কুবারসিদের নিয়ে গড়া স্পেনের রক্ষণব্যূহ। লা রোজাদের রক্ষণভাগের প্রতিরোধের কারণে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গোলের তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি ফ্রান্স। এতে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয় লঁ ব্লু দল।

ম্যাচ শেষে লা রোজা কোচ ফুয়েন্তে স্পেনকে বিশ্বের সেরা দল হিসেবে অভিহিত করে বলেন, ‘আমাদের দিক থেকে সেমিফাইনালে আমরা বিশ্বের অন্যতম একটি সেরা দলের মুখোমুখি হয়েছিলাম। আর প্রতিপক্ষের দিক থেকে ধরলে, তারা বিশ্বের সেরা দলটির বিপক্ষেই লড়াইয়ে নেমেছিল।’ তিনি যোগ করেন, ‘খেলোয়াড়রা দলের প্রতি তাদের প্রতিশ্রুতি, নিজেদের মধ্যে সংহতি এবং তাদের প্রতিভার ঝলক দেখিয়েছে। তারা কঠিন কাজকেও সহজভাবে করে দেখিয়েছে। খেলোয়াড়দের মধ্যে প্রতিভার পাশাপাশি জীবন ও খেলাধুলার বিষয়েও সঠিক দৃষ্টিভঙ্গি রয়েছে।’

স্পেনের সাফল্যের রহস্য ব্যাখ্যা করে ৬৫ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমাদের ড্রেসিংরুমটি সুখ ও সৌহার্দ্যে ভরা। আর পুরো জাতি আমাদের পেছনে ঐক্যবদ্ধ। দলে আমরা ২০১০ সালের সেই উদ্দীপনা ফিরিয়ে এনেছি।’

নিজের শিষ্যদের প্রশংসা করে ফুয়েন্তে বলেন, ‘দলের সবাই খুবই বিনীত। খেলোয়াড়দের মধ্যে অহংবোধ নেই। ব্যক্তিগত স্বার্থপরতা নেই। সবাই সবার প্রতি সহানুভূতিশীল। দলীয় লক্ষ্যপূরণে সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ে। আর সেটাই স্পেনকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।’ তিনি যোগ করেন, ‘আমাদের দলের অনেক খেলোয়াড় মাঠে নামার সুযোগ না পাওয়া সত্ত্বেও ম্যাচ শেষে অন্যদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে আগ্রহভরে অপেক্ষা করে। এতেই দলের প্রকৃত চরিত্র ফুটে ওঠে।’

২০১৩ সাল থেকে স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলের দায়িত্ব সামলানোর পর ২০২১ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব পান ফুয়েন্তে। এতে লা রোজা দলের খেলোয়াড়ের অনেককেই দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পান এই কোচ। যেটি তাঁকে বড় আসরের দল নির্বাচনে বাড়তি সুবিধা এনে দেয়। স্পেনের হারো অঞ্চলের বাসিন্দা এ প্রসঙ্গে বলেন, ‘আমি সবচেয়ে যে জিনিসটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে, কোনো ভ্রমণ বা মিশনে যাওয়ার আগে সঙ্গী নির্বাচনের প্রক্রিয়াটা ঠিকঠাক হতে হবে। আপনি যদি ভুল সঙ্গী বাছাই করেন, তাহলে অবশ্যই মিশন শেষ হওয়ার আগেই আপনি ঝামেলায় পড়তে পারেন।’

২০২৪ সালের ইউরোজয়ী কোচ ফুয়েন্তের অধীনে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লা রোজা দল। কিন্তু এই দলটির আরও বহুদূর যাওয়ার সক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করেন বিশ্বকাপে শিরোপা জয় থেকে এক ম্যাচ দূরে থাকা এই কোচ, ‘আমরা জানি এই দলটি শুধু খেলোয়াড়রাই না, যারা দল গড়েন, সেই নির্বাচকরাও একই ধরনের উত্তেজনা, উদ্দীপনাসহকারে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করছেন। আর আমরা হচ্ছি এমন একদল সাদামাটা ও উদার মনোভাবসম্পন্ন লোক, যারা ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় স্বার্থকেই আগে প্রাধান্য দেয়। এ কারণেই এই দলটি আমাকে সব সময়েই বিস্মিত করে চলেছে। আর দলটির আরও ভালো করার অসীম সম্ভাবনা রয়েছে।’

এদিকে বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনাকে প্রত্যাশা করছেন বলে জানান ফুয়েন্তে। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকা স্পেন কোচ বলেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচটিও বিশ্বকাপ ফাইনালের মতো একটি মহারণ হতে যাচ্ছে। তবে ফাইনালের ম্যাচটি নিয়ে বেশি ভাবছেন না বলেও জানান লা রোজা কোচ। তিনি বলেন, ‘আমি এই ধারণায় বিশ্বাসী নই যে শুধু ফাইনালে জিততেই আমরা ফাইনাল ম্যাচে অবতীর্ণ হবো। আমরা শুধু ফাইনাল ম্যাচ উপভোগের জন্যই মাঠে নামব। আর যে ফলই আসুক, সেটি হবে আমাদের জন্য বাড়তি পাওনা।’

আরও পড়ুন

×