ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বীরউত্তম আনোয়ার হোসেনকে উৎসর্গ করে প্রীতমের ‘প্রহরী’

বীরউত্তম আনোয়ার হোসেনকে উৎসর্গ করে প্রীতমের ‘প্রহরী’
×

গানের ভিডিওর একটি দৃশ্যে প্রীতম হাসান।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৪:৪৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৪:৪৫

বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। যেখানে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঝখানে গান গাইতে দেখা যায়। ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়– আসছে কি বিশেষ কিছু? সেই কৌতূহল আরও বেড়ে যায় প্রীতম যখন সেনাবাহিনীর ইউনিফর্মের ছবি প্রকাশ করে রাখেন, ‘১৫.০১.২৬’ এই সংখ্যাগুলো। এরপরই গতকাল উত্তর মেলে প্রীতমের সেই রহস্যময় পোস্টের। প্রকাশিত হয় ‘প্রহরী’ শিরোনামের নতুন গান। তবে এটি শুধু গান নয়, গানের পেছনে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। বিশিষ্ট একজনকে স্মরণ।

মুক্তিযুদ্ধের সূচনালগ্নে প্রথম সশস্ত্র প্রতিরোধে শহীদ হওয়া সামরিক কর্মকর্তা বীরউত্তম লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে নতুন গান ‘প্রহরী’। গতকাল ৯টায় গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। মূলত একজন অকুতোভয় মুক্তিযোদ্ধার আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ এটি। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে সংঘটিত সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ হওয়া প্রথম সামরিক কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। ১ ইস্ট বেঙ্গল (সিনিয়র টাইগারস) রেজিমেন্টের এই সাহসী অফিসার মাতৃভূমির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁকে স্মরণ করেই প্রহরী গান।
স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্র লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনকে ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত করে। ঢাকার সেনানিবাসে অবস্থিত শহীদ বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ আজও তাঁর স্মৃতির বহমান প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

প্রহরী গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। সংগীতও তাঁরই। লিখেছেন রাসেল মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন মানজুর অনিক। প্রীতম জানান, এই প্রজেক্টটি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তাঁর ভাষ্য, ‘আমরা অনেক দিন ধরেই এই কাজটা নিয়ে কথা বলছিলাম। সম্ভবত ডিসেম্বর থেকেই আলোচনা শুরু হয়। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে তখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারপরও আমরা চেয়েছি, ধারণাটাকে ঘিরে অর্থবহ কিছু করতে। অবশেষে গানটি গতকাল রিলিজ হয়েছে।’

গানটি নিয়ে প্রীতম আরও বলেন, ‘গানটিতে আমরা এমন কিছু করতে চেয়েছি, যেটা আগে করা হয়নি। ফলাফল নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট। আশা করছি, বিশেষ করে তরুণ প্রজন্ম– যারা হলিউড বা ভিন্নধর্মী স্টাইলের দিকে বেশি ঝোঁকে– তাদের জন্য এটি হবে ভিন্নরকম এক অভিজ্ঞতা।’
 

আরও পড়ুন

×