একুশে পদক প্রাপ্তি
আইয়ুব বাচ্চুকে নিয়ে ‘এলআরবি’ ব্যান্ডের আবেগী বার্তা
আইয়ুব বাচ্চু। ফেসবুক থেকে সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:০৮ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫৪
বাংলা রক সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় তাঁর নাম ঘোষণার খবরে আবেগে ভাসছে ব্যান্ডদল এলআরবি।
আজ বিকেলে একুশে পদক ঘোষণার পর ‘এলআরবি’ ব্যান্ডের ফেসবুক পেজে লেখা হয়, ‘২০২৬ সালের একুশে পদকে ভূষিত হচ্ছেন বাংলা রকের অগ্রদূত, কিংবদন্তি শিল্পী রক আইকন আইয়ুব বাচ্চু। এটি শুধু একজন শিল্পীর সম্মাননা নয়, এটি বাংলা সংগীতের প্রতি তার আজীবন সাধনা, সততা ও সাহসী সৃজনশীলতার রাষ্ট্রীয় স্বীকৃতি।’
ব্যান্ডটির পক্ষ থেকে আরও লেখা হয়, ‘গিটার হাতে তিনি যে ভাষায় গান করেছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। প্রেম, প্রতিবাদ, স্বপ্ন আর জীবনের গল্প তিনি সুরে সুরে বলে গেছেন অক্লান্তভাবে। আইয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই, কিন্তু তার গান আমাদের রক্তে, আমাদের স্মৃতিতে, আমাদের চলার পথে বেঁচে থাকবে চিরকাল। একুশে পদক সেই চিরজীবী সুরেরই প্রাপ্য সম্মান।’
শেষে কৃতজ্ঞতা জানিয়ে ব্যান্ডটি লিখেছে, ‘এই সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, জুরি বোর্ড ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে আইয়ুব বাচ্চু ও এলআরবি পরিবার। শ্রদ্ধা ও ভালোবাসা।’
প্রসঙ্গত, ১৯৯০ সালের যাত্রা শুরু করে এলআরবি। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। টুটুল, জয় এবং স্বপন ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সময়ে সহ-সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন। পুরো নাম লাভ রান্স ব্লাইন্ড। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল লিটল রিভার ব্যান্ড। পরে এই নামটি পরিবর্তন করে রাখা হয় লাভ রান্স ব্লাইন্ড (এলআরবি)।
- বিষয় :
- আইয়ুব বাচ্চু
