মধ্যবিত্তের টানাপোড়েনের গল্প নিয়ে ‘থাকে তবু ভালোবাসা’
‘থাকে তবু ভালোবাসা’ নাটকের একটি দৃশ্য।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১৫:২৭
একটি পরিবারে তিন সদস্য—সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহা। স্বল্প বেতনের চাকরি করে সরোয়ার, আর তার আয়ে চলে সংসার। কোনো কারণে বাড়তি টাকার প্রয়োজন হলে ধারদেনা করতে হয়। মাস কয়েক আগে ধারদেনা করে একটি মোটর সাইকেল কিনেছে সরোয়ার। এখনও সেই টাকা শোধ হয়নি পুরোটা। এমন পরিস্থিতিতে প্রতিবেশীদের কথার খোঁচায় বাসায় একটা এসি লাগানোর আবদার করে বসে সায়না। এই নিয়ে চলে মনোমালিন্য। একপর্যায়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে এসি কেনে সরোয়ার। টাকা জোগাড় করতে গিয়ে না বলে অফিসের টাকা খরচ করে ফেলে সে। তাতেই ঘটে বিপত্তি!
মধ্যবিত্তের টানাপোড়েনের এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘থাকে তবু ভালোবাসা’। এম এস রানার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেনএস এম সেলিম।
এতে সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং নাবিহা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী নাবিহা রানা ইরা। অন্যান্য চরিত্রে তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক।
এতে‘থাকে তবু ভালোবাসা’ শিরোনামে এই নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। গানে কণ্ঠ দিয়েছেন সেনিজ।
অভিনেতা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা অসাধারণ। ঘটনা সামান্য, কিন্তু গভীরতা অনেক বেশি। পারিবারিক বন্ধন, সম্পর্কের টান আর ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যদিয়ে চরম এক নাটকীয়তার মুখে দাঁড় করায় চরিত্রগুলোকে। এই নাটকের শেষটা এতটাই ইমোশনাল ছিল যে আমরা সত্যিই কাঁদছিলাম। ডিরেক্টর থেকে শুরু করে ইউনিটের অনেকেই কান্না আটকে রাখতে পারেননি।’
নাবিলা ইসলাম বলেন, ‘এই নাটকে এসিটা একটা উপলক্ষ মাত্র। মধ্যবিত্ত মানুষেরা এখানে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। বিশেষ করে যেভাবে গল্পের সমাপ্তি টানা হয়েছে, তা প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে যাবে। এ ধরনের গল্পকে বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরতে শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা জরুরি। তানভীরের সঙ্গে আগেও কাজ করেছি। সেই বোঝাপড়াটা খুব কাজে দিয়েছে। নাবিহার এটা প্রথম অভিনয়, অথচ ও এত রিয়েলিস্টিক অভিনয় করেছে, আমাদের সঙ্গে এতটাই মানিয়ে নিয়েছে যে, আমরা যেন সত্যিই একটা পরিবার হয়ে গিয়েছিলাম।’
নাটকটি প্রসঙ্গে নির্মাতা সেলিম বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের যতটা আনন্দ দেবে, ততটাই ভাবাবে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’ আগামী ৭ মার্চ রাত ৯টায় বিটিভির পর্দায় প্রচার হবে নাটকটি।
- বিষয় :
- নতুন নাটক
