কুয়াকাটায় এবার ভেসে এলো বিশাল মৃত বেলিন তিমি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় গতকাল বুধবার ভেসে আসে প্রায় ৫৮ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের একটি মৃত বেলিন প্রজাতির তিমি। অর্ধগলিত তিমিটিকে নিরাপদ জায়গায় মাটিচাপা দেওয়া হয় সমকাল
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে একটি বিশাল আকৃতির মৃত বেলিন তিমি ভেসে এসেছে। প্রায় ৫৮ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের এ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটিকে গতকাল বুধবার সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় দেখা যায়। স্থানীয় ওয়াটার বাইক চালকদের মাধ্যমে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিমিটির অবস্থান নিশ্চিত করেন। পরে দুপুরে জোয়ারে ঝাউবন এলাকায় এসে আটকে যায় এটি।
এটি বেলিন শ্রেণির তিমি বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বেলিন তিমি পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে অন্যতম।
উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু জানান, প্রাণীটি কয়েক দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রের স্রোত ও জোয়ার-ভাটার প্রভাবে এটি ধীরে ধীরে উপকূলের দিকে ভেসে এসেছে। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপদ জায়গায় মাটিচাপা দেওয়া হয়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কলাপাড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী বেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। পরীক্ষাগারের ফরেনসিক পরীক্ষার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- মৃত্যু
