ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্ব নাট্য দিবসে আজ নানা আয়োজন

বিশ্ব নাট্য দিবসে আজ নানা আয়োজন
×

ত্রিংশ শতাব্দী নাটকের দৃশ্য। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৫:২৩

আজ ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকায় মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যেখানে দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ থেকে শুরু হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এতে অংশ নেবে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ সেন্টার) এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-সহ বিভিন্ন নাট্যসংগঠন। শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৬টায় নাট্যশালার লাউঞ্জে আয়োজন করা হয়েছে প্রীতি সম্মিলনীর।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় মূল মিলনায়তনে শুরু হবে আলোচনা অনুষ্ঠান, যেখানে থাকবে আন্তর্জাতিক ও জাতীয় বাণী পাঠ, সম্মাননা প্রদান, নাট্যদিবসের বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

শিশুদের জন্যও রয়েছে আলাদা আয়োজন। নাট্যসংগঠন বটতলা সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার হলে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। এতে শিশু শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘ফাংসাং’ ও ‘গালিভারস ট্রাভেলস’ নাটক দুটি। পাশাপাশি থাকছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার-এর পাপেট শো।

অন্যদিকে, স্বাধীনতা ও জাতীয় দিবসের সঙ্গে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজন করেছে বিশেষ মঞ্চায়নের। সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে তারা মঞ্চস্থ করবে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটি। বাদল সরকার-এর রচনা অবলম্বনে নির্মিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অনুষ্ঠানের শেষপর্বে নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হবে নাট্যব্যক্তিত্ব কামরুজ্জামান বালার্ক-কে। বিশ্বজুড়ে নাট্যচর্চাকে উৎসাহিত করা এবং নাট্যকর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে বিশ্ব নাট্য দিবস চালু করা হয়। ১৯৬১ সালে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-এর নবম কংগ্রেসে এ দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে ১৯৬২ সালে প্যারিসে ‘থিয়েটার অব নেশনস’ উৎসবের সূচনার দিন ২৭ মার্চকে বিশ্ব নাট্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়। এরপর থেকে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি নানা আয়োজনে পালিত হয়ে আসছে। 
 

আরও পড়ুন

×