ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিঙ্গেল স্ক্রিনে কেমন চলছে ‘রাক্ষস’

সিঙ্গেল স্ক্রিনে কেমন চলছে ‘রাক্ষস’
×

সিয়াম আহমেদ ও সুষ্মিতা চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ | ২০:৪৬

মাল্টিপ্লেক্সের পর সিঙ্গেল স্ক্রিনে চলছে ঈদে ‍মুক্তি পাওয়া সিনেমা ‘রাক্ষস’। মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সিনেবোদ্ধাদের কাছ থেকে। সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাওয়ার পর হল মালিকরা জানালেন, সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ দর্শক টানছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটি।

প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় ‘রাক্ষস’। গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ বিভাগীয় ও জেলা শহরের একাধিক বড় হলগুলোতে চলছে সিনেমাটি।

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেমা হলের প্রোপাইটার আর এম ইউনুস রুবেল সমকালকে বলেন, “গতকাল ছুটির দিনে ‘রাক্ষস’ সিনেমার সবগুলো শো হাউসফুল ছিল। শুরুতে আমাদের ধারণা ছিল আজ হয়তো দর্শক কমবে। কিন্তু সেটা ঘটেনি। আজও সবগুলো শো হাউসফুল যাচ্ছে। সিনেমাটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দারুণ। মনে হচ্ছে সিনেমাটি দীর্ঘদিন চলবে।”

‘রাক্ষস’ সিনেমার পোস্টারে সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

ঈদের প্রথম সপ্তাহে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। সে সময় পাইরেসির শঙ্কার কারণে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি স্থগিত রাখা হয়েছিল।

রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “ঈদের সময় ছাড়া তো আমাদের হল প্রায় পুরো বছর বন্ধ থাকে। এবার ঈদের প্রথম দুই সপ্তাহ আমরা ‘প্রিন্স’ চালিয়েছি। শুরুর কয়েকদিন ভালো সাড়া পাওয়ার পর দর্শক কমে আসে। ফলে ‘রাক্ষস’ সিনেমা চালানোর সিদ্ধান্ত নিই। এটি পুরোপুরি কমার্শিয়াল সিনেমা—সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করছে। ছুটির দিনে (শুক্রবার) দর্শক আশানুরূপ ছিল। আজও ভালো আছে। এই ধারা অব্যাহত থাকলে সিনেমাটি দিয়ে ভালো ব্যবসা হতে পারে।”

সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়, যিনি এর আগে ইন্ডাস্ট্রি হিট বরবাদ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং।

তৃতীয় সপ্তাহেও সিনেমাটির দর্শক রেসপন্স নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকদের কাছে ধীরে ধীরে হরেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শকরা সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পাননি অনেকেই। ফলে এখনও দর্শকদের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি বড় সাড়া পাচ্ছে। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে ধরনের সিনেমা দেখে আনন্দ পান তার সবই এতে রয়েছে।’

এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, শাতাফ ফিগার, সোহেল মণ্ডল, সাদনিমা বিনতে নোমান, আবরার আতহারসহ অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

আরও পড়ুন

×