আলিয়া ভাট কি সত্যিই পাকিস্তানি ব্র্যান্ডের মডেল হয়েছেন
আলিয়া ভাট। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১৩:৪৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১৪:০৯
প্রথমত, ছবি ব্যবহারে আলিয়া ভাটের অনুমতি নেননি। দ্বিতীয়ত, পাকিস্তানি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি অভিনেত্রীর ছবি বিকৃত করে ব্যবহার করেছে। এই বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন আলিয়া ভাটের অনুরাগীরা।
আনন্দবাজার, এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অনুমতি ছাড়া আলিয়া ভাটের ছবি বিকৃত করার অভিযোগ উঠল পাকিস্তানের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সে দেশের এক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমাজমাধ্যমে আলিয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
সংস্থার পোশাকেই দেখা যায় এই অভিনেত্রীকে। তার পরেই প্রশ্ন উঠতে থাকে, সত্যিই কি পাকিস্তানি ব্র্যান্ডের মুখ হয়ে কাজ করছেন আলিয়া? কিছুক্ষণের মধ্যেই ভাঙে ভুল। ছবিগুলো খুবই নিখুঁত ছিল। তাই নেটাগরিকের অনেকেই ধরে নিয়েছিলেন, সত্যিই আলিয়া হয়তো এই ফটোশুট করেছেন; যেখানে নানা রংবেরঙের সালোয়ার-কামিজে দেখা গেছে তাঁকে।
ক্রমশ স্পষ্ট হয়ে যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আলিয়ার মুখ ব্যবহার করা হয়েছে এই ছবিগুলোতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অসন্তোষ প্রকাশ করেন আলিয়ার অনুরাগীরা।

তাঁদের বক্তব্য, ‘আলিয়ার চোখে এই ছবিগুলো পড়লে তিনি আইনি ব্যবস্থা নেবেন। এ ভাবে বিনা অনুমতিতে ছবি ব্যবহার করা যায় না।’
তবে অনুরাগীদের একাংশের দাবি, ছবিগুলো এতই নিখুঁত যে, আলিয়া দেখলে তিনিও খুশিই হবেন। তবে এখনও পর্যন্ত আলিয়া এই বিষয়ে মুখ খোলেননি। গত কয়েক মাসে বলিউডের বহু তারকা নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে ‘পারসোনালিটি রাইটস’ সংরক্ষণ করেছেন আইনের দ্বারস্থ হয়ে। অবাধে যাতে তাঁদের ছবি, ভিডিও, নাম ও কণ্ঠ বাণিজ্যিক বা অন্য কারণে ব্যবহার করা না যায়, সেই ব্যবস্থা নিয়েছেন তাঁরা। ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ানসহ অনেকেই এই পদক্ষেপ নিয়েছেন। ভবিষ্যতে আলিয়াও এমন পদক্ষেপ নেবেন, আশা করছেন তাঁর অনুরাগীরা।
এদিকে আলিয়া ভাট ব্যস্ত সময় পার করছেন তাঁর আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। চলচ্চিত্রবোদ্ধাদের অনেকের মত, নতুন এই সিনেমাটি আলিয়ার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যোগ করবে। কারণ বারবারই তিনি অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শককে চমকে দিচ্ছেন। শুধু অভিনয় নয়, ক’দিন আগে এই বলিউড সুপারস্টার সবাইকে চমকে দিয়েছেন তাঁর উপার্জনের অঙ্ক প্রকাশ করে।
হিসাব কষে দেখা গেছে, আলিয়ার উপার্জিত সম্পদ তাঁর স্বামী অভিনেতা রণবীর কাপুরের চেয়েও বেশি। এর কারণ অভিনেত্রী হিসেবে ধাপে ধাপে পারিশ্রমিক বেড়েছে আলিয়ার। সেই সুবাদে ২০১৮ সালে লন্ডনের কোভেন্ট গার্ডেনে বাড়ি কেনেন তিনি। যার দাম ২৫ কোটি টাকা। লন্ডন ছাড়াও মুম্বইয়ের জুহু এলাকাতেও একটি বাড়ি কিনেছেন।
বান্দ্রার পালি হিল কমপ্লেক্সেও আছে ৪০ কোটি টাকার একটি ফ্ল্যাট। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আলিয়া। তাঁর পোশাক সংস্থার বাজারমূল্য ১৫০ কোটি টাকা।
এ ছাড়া আছে একটি প্রযোজনা সংস্থা এবং সেই সংস্থার একটি অ্যাপার্টমেন্ট। অভিনেত্রীর পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক স্তরের একাধিক নামি ব্র্যান্ডের প্রচার দূতও তিনি। প্রতিটি সিনেমায় পারিশ্রমিক নেন ১৫ কোটি এবং বিজ্ঞাপনে ১০ কোটি টাকা। ২০২৫ সালের অর্থবর্ষের হিসেবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকার।
