ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন দশকের শিল্পী জীবনে বাপ্পার অন্যরকম অভিজ্ঞতা

তিন দশকের শিল্পী জীবনে বাপ্পার অন্যরকম অভিজ্ঞতা
×

রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১৯:৫২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১৯:৫৪

‘রুনা লায়লার সঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন বাপ্পা মজুমদার’–এই খবর শোনা গিয়েছিল এক বছর আগে। এরপর কবে, কী উপলক্ষে এবং কোন প্ল্যাটফর্মে তাদের প্রথম দ্বৈত গানটি প্রকাশ পাবে? এসব প্রশ্নের উত্তর মেলেনি। অবশেষে দুই শিল্পীর পক্ষ থেকে এলো সংগীতপ্রেমীদের বহুকাঙ্ক্ষিত সেই গান প্রকাশের চূড়ান্ত ঘোষণা। 

সেই সুবাদে জানা গেল, আগামী ১৬ মে বিশ্বের বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পাচ্ছে তাদের প্রথম দ্বৈত গান ‘অনায়াসে’। না, এটি মেলোডিনির্ভর কোনো আধুনিক গান নয়, এটি মূলত বাংলা গজল; যার কথা লিখেছেন সৈয়দ গালিব হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজে।

বাংলা এই গজলটি রেকর্ড করা হয়েছে ‘অনুভব’ নামের একটি মিশ্র অ্যালবামের জন্য। এ আয়োজন নিয়ে এক ভিডিও বার্তায় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে বাপ্পা তাঁকে বলেছিলেন, ‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি, আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, ‘অবশ্যই গাইব।’ এরপর তিনি গানটি শুনে রীতিমতো মুগ্ধ হয়ে যান।

নিজে থেকে বাপ্পাকে ফোন করে বলেন, ‘গানটি খুবই ভালো হয়েছে। এ ধরনের কাজ আগে খুব একটা হয়েছে বলে মনে হয় না। ভালো হয়, এই গানটি দুজনের কণ্ঠে রেকর্ড করলে। গানটি বরং আমরা দুজনে একসঙ্গে গাই।’ 
এই কথা শুনে বাপ্পা কিছুটা অবাক হলেও শেষমেশ গানটি গাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। গানটি ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবে রেকর্ড করা হয়। 

‘অনায়াসে’ গানের জন্মকথা নিয়ে গীতিকবি সৈয়দ গালিব হাসানের মুখেও একই কথা শোনা যায়। তিনি জানান, অনেকটা নাটকীয় ঘটনার মধ্য দিয়েই রুনা লায়লার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়েছে বাপ্পার। শুরু থেকেই পরিকল্পনা ছিল ‘অনায়াসে’ গানটি রুনা লায়লার কণ্ঠে একক গান হিসেবে রেকর্ড করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী বাপ্পার সঙ্গে গানের কথা-সুর ও সংগীতায়োজনের কাজ শেষ করা হয়। শেষ মুহূর্তে রুনা লায়লা 
‘অনায়াসে’ গানটি দ্বৈত কণ্ঠে রেকর্ড করার প্রস্তাব দেন। সেই সঙ্গে উপস্থিত সবাইকে চমকে দিয়ে গানটিতে সহশিল্পী হিসেবে বাপ্পাকে গাইতে বলেন। এরপর বাপ্পাও গান গাওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেন এবং তাঁর বনানীর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এভাবেই দুই শিল্পীর প্রথম দ্বৈত গানটির জন্ম।

রুনা লায়লার কথায়, “একটি গানের কথা কতটা নান্দনিক ও হৃদয়স্পর্শী করে তোলা যায়, ‘অনায়াসে’ উঠতে পারে তার একটি উদাহরণ। গীতিকথার পাশাপাশি গানের কম্পোজিশনও অসাধারণ, যা সহজেই হৃদয় স্পর্শ করে। তাই প্রথম যখন গানটি শোনেন, তখনই মনে হয়েছে, এটি একক নয় দ্বৈত গান হিসেবে রেকর্ড করা যেতে পারে এবং তা শ্রোতারও ভালো লাগবে। বাপ্পা যেহেতু ভালো গায়, কণ্ঠে মাদকতা আছে, সে কারণেই তাকে সহশিল্পী হিসেবে হিসেবে গাওয়ার প্রস্তাব দেওয়া। বাপ্পা নিজেও চেষ্টা করেছে গানে তার সেরা গায়কী তুলে ধরার। তাই গান রেকর্ড করার অন্যরকম এক ভালো লাগায় মনটা ছেয়ে গেছে।”

রুনা লায়লার সঙ্গে প্রথম দ্বৈত কণ্ঠে বাংলা গজল গাইতে পেরে উচ্ছ্বসিত শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। তিনি বলেন, “আমি সৌভাগ্যবান কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে গাইতে পেরে। তিন দশকের শিল্পী জীবনে এটি ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। একই সঙ্গে সংগীত ক্যারিয়ারের এ এক পরম এক প্রাপ্তি। রুনা লায়লার কণ্ঠ ও গায়কী নিয়ে কিছু বলার সাহস নেই। তাঁর জন্য গানের সুর করতে পারাই ছিল আমার জন্য ছিল অন্যরকম আনন্দের।”

তিনি আরও বলেন, “অনায়াসে’ গানটি মূলত রুনা লায়লার জন্যই তৈরি করা হয়েছিল। গানের সুর শুনে তিনি নিজ থেকেই বলেছিলেন, ‘তুমি বরং আমার সাথে গাও, গানটি ডুয়েট হোক!’ এই প্রস্তাব সংগীতজীবনের অনন্য উপহার হিসেবেই গ্রহণ করেছি। আশা করছি, আমাদের এই বাংলা গজল অনেকের হৃদয় স্পর্শ করবে।’’ 

বাপ্পা মজুমদারের সঙ্গে বাংলা গজল গাওয়া ছাড়াও রুনা লায়লা সম্প্রতিক সময়ে আরও বেশ কিছু কাজের মধ্যে দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। অনলাইন সংগীতায়োজন ‘কোক স্টুডিও বাংলা’য় ‘মাস্ত কালান্দার’ গানটির ফিউশনধর্মী আয়োজন তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন অগণিত সংগীতপ্রেমীর। এরপর দর্শক-শ্রোতার মাঝে সাড়া ফেলেছেন শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় প্রীতম হাসানের সঙ্গে একটি আইটেম গানে কণ্ঠ দিয়ে। 

অন্যদিকে বাপ্পা মজুমদার শ্রোতাদের প্রত্যাশা পূরণ করে যাচ্ছেন ধারাবাহিকভাবে একক ও দ্বৈত গান প্রকাশের পাশাপাশি তাঁর ব্যান্ড দলছুটের বিভিন্ন আয়োজন নিয়ে। 

আরও পড়ুন

×