সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি: সোনাক্ষী
সোনাক্ষী সিনহা। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৪:১৮
অভিনয় ক্যারিয়ারে প্রথমবার আইনজীবীর চরিত্র পর্দায় তুলে ধরছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। তবে সিনেমা নয়, ওয়েব সিরিজে নতুন এই চরিত্রে দেখা যাবে তাঁকে। আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ‘দহাড়’-এর পর আরও একবার ওটিটি পর্দায় দেখা মিলতে যাচ্ছে সোনাক্ষী সিনহাকে।
‘সিস্টেম’ নামে কোর্টরুম ড্রামা সিরিজে তিনি অভিনয় করছেন একজন আইনজীবীর চরিত্রে। যেখানে তাঁকে চলমান ভারতের চলমান সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যাবে। সিরিজে সোনাক্ষীর সহশিল্পী আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী জ্যোতিকা এবং চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আশুতোষ গোয়াড়কের। তাদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন– নিশান্ত সিং, বিক্রান্ত কোহলি, আদিনাথ কোঠারে, গৌরব পান্ডে, অজয় মাধক, দিবিজা গম্ভির প্রমুখ।
‘সিস্টেম’র কাহিনি লিখেছেন যৌথভাবে হারমান বেওজা, অক্ষান্ত ঘিলদিয়াল ও তাসনিমতাসনিম লক্ষন্ডওয়ালা। পরিচালনা করেছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। চলতি সপ্তাহে সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে।
এদিকে কিছুদিন আসে সোনাক্ষী আলোচনায় এসেছিলেন নেটিজেনদের ট্রোলের জাবাব দেওয়া নিয়ে। সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচকতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে, একা দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। তবে পরিবারকে লক্ষ্য করে আক্রমণ এলে তিনি কখনোই চুপ থাকবেন না, তা-ও জানিয়েছিলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী।

বলিউডের অভিনেত্রীদের মধ্যে সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হওয়া নতুন কিছু নয়। চেহারা, পোশাক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন– কোনো কিছুই বাদ যায় না সমালোচনার ধারালো তীর থেকে। কিন্তু তারকা হলেও, তাদেরও তো ধৈর্য এবং সহনশীলতার একটি সীমা থাকে। ঠিক সেই কথাই এবার অকপটে স্বীকার করেছেন সোনাক্ষী সিনহা।
সমাজিক মাধ্যম খুললেই যে অঢেল নেতিবাচকতা চোখে পড়ে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমি মনে করি, সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন নেতিবাচকতার পরিমাণ এতই বেশি যে, একজন মানুষ হয়ে এর বিরুদ্ধে লড়াই করা যায় না। এটা সত্যিই সীমা ছাড়িয়ে যাচ্ছে।’
তাঁর কথায়, “পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, প্রতিনিয়ত লড়াইয়ের পথ বেছে না নিয়ে এড়িয়ে যাওয়াই শ্রেয়। সোশ্যাল মিডিয়া খুললেই সমস্ত নেতিবাচকতা আপনার সামনে হাজির হয়। কত আর লড়বেন?”– তাঁর এই প্রশ্ন আজকের ডিজিটাল দুনিয়ার আড়ালে থাকা সত্যিকে তুলে ধরে।
তবে এড়িয়ে যাওয়ারও একটি শর্ত আছে। সোনাক্ষী স্পষ্ট করে দিয়েছেন যে, কখন তিনি মুখ খুলতে বাধ্য হন। বলেছেন, ‘যদি কোনো মন্তব্য একেবারেই অসহনীয় হয়ে ওঠে, কিংবা কেউ যদি আমার পরিবারকে লক্ষ্য করে কিছু বলে, যা আমি কোনোভাবেই সহ্য করব না, তখন আমি অবশ্যই প্রতিবাদ করি। আমার বিশ্বাস, প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।’
- বিষয় :
- সোনাক্ষী সিনহা
- বলিউড
