ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

মঞ্চনাটকের গান নিয়ে নতুন আয়োজন

মঞ্চনাটকের গান নিয়ে নতুন আয়োজন
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১২:৩৭

মৌলবাদবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলা সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় নতুন সাংস্কৃতিক আয়োজন শুরু করতে যাচ্ছে ‘গাই বাংলার গান পর্ষদ’। নিয়মিত এই আয়োজনের নাম রাখা হয়েছে ‘থিয়েটারের গান’। 

নাটক ও সংগীতের মেলবন্ধনের মাধ্যমে বাংলার শিল্প-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা। তাদের ভাষ্য, এটি মূলত মঞ্চনাটক ও পথনাটকের গানভিত্তিক একটি থিয়েট্রিক্যাল পারফরম্যান্স। গানের পাশাপাশি সংশ্লিষ্ট নাটকের আবহ, বর্ণনা ও প্রয়োজনীয় সংলাপ যুক্ত করে পুরো আয়োজনকে একটি পূর্ণাঙ্গ নাট্যসংগীত অভিজ্ঞতায় রূপ দেওয়া হবে। এই আয়োজনের প্রথম আসরে পরিবেশনা করবে নাট্যদল ‘আরণ্যক’। নাটক ও সংগীতের সমন্বয়ে দলটি থিয়েটার-সংগীতের শেকড়, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরবে।

আগামীকাল ১৮ জুন সন্ধ্যা ৭টায় ধানমন্ডি ২৭ নম্বরে ভিনটেজ কনভেনশন হলে আয়োজনটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী আয়োজনে আরণ্যকের পরিবেশনায় থাকবে ‘রাঢ়াঙ’, ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয়জয়ন্তী’, ‘পাথর’, ‘দি জুবলী হোটেল’, ‘ঘুমের মানুষ’, ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘আগুনের জবানবন্দি’সহ বিভিন্ন আলোচিত নাটকের গান।

আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন, ‘আমরা মূলত মঞ্চনাটক ও পথনাটক-দুই মাধ্যমের গান নিয়েই পারফর্ম করব। শুধু গান নয়, গানের ভেতরের নাট্যভাব ও সংলাপের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল আবহ তৈরি করা হবে, যা দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে।’

আয়োজক ‘গাই বাংলার গান পর্ষদ’ এর ফজলুল কবীর তুহিন বলেন, ‘মৌলবাদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার লড়াইয়ে ‘থিয়েটারের গান’ আমাদের একটি সাংস্কৃতিক হাতিয়ার। দর্শকের উপস্থিতিই আমাদের এই যাত্রাকে অর্থবহ করবে।’
 

আরও পড়ুন

×