ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার, বলেছিলেন পরীমণি

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার, বলেছিলেন পরীমণি
×

সাকলায়েন ও পরীমণি।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৮:২৮ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৮:৩০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আবারও আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার। ২০২৪ সালের ২৫ জুন দেওয়া সেই সাক্ষাৎকারে সাকলায়েনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। তখনই পরীমনি দাবি করেছিলেন, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার।

সাকলায়েনের চাকরি হারানোর প্রসঙ্গে জানতে চাওয়া হলে পরীমনি বলেছিলেন, আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে, তখন আমি কথা বলব।

তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য ছিল, সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি—কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে।

সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করে পরীমনি বলেন, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগেই এত অপবাদ দেওয়া হয়েছে, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে।

সাকলায়েনকে ঘিরে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে তখনও নিজের অবস্থানে অনড় ছিলেন পরীমনি। তিনি বলেছিলেন, আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।

একই সঙ্গে তিনি আরও বলেন, প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটাকে শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয়, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার।

কার সেই ব্যক্তিগত আক্রোশ—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, “আমি জানি না। তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ। কিন্তু এমনটা নয়, প্রেম-ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে, তা আমি বিশ্বাস করি না।”

সাক্ষাৎকারের শেষদিকে সাকলায়েনের প্রতি সহানুভূতিও প্রকাশ করেন এই চিত্রনায়িকা। তার ভাষায়, সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ওই অভিযোগের ভিত্তিতেই মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×