ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি

ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি
×

কৃতি শ্যানন। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৬:১৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১৬:২০

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কাজের সঙ্গে ব্যক্তিজীবন নিয়েও সারাবছর বেশ আলোচনায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে নিজের সিদ্ধান্ত নিয়ে ফের আলোচনায় উঠে এলেন তিনি। জানালেন, ‘মিমি’ সিনেমার প্রস্তুতির সময় তিনি নিজের ডিম্বাণু (এগ) সংরক্ষণ করেছিলেন। আর এটাই ছিল নিজের জন্য নেওয়া সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলোর একটি এবং নিজেকে দেওয়া সেরা উপহার।

সম্প্রতি হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমার জন্য তাকে ওজন বাড়াতে বলা হয়েছিল। আর ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়ায় শরীরে হরমোনজনিত পরিবর্তন ও ফোলাভাব দেখা দিতে পারে জেনেই তিনি সেই সময়টাকেই উপযুক্ত মনে করেন।

কৃতি বলেন, ‘একজন আমাকে বলেছিলেন, যদি সুযোগ থাকে, তাহলে ডিম্বাণু সংরক্ষণ করতে। এটা নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহার। কথাটা আমার মাথায় থেকে যায়। এরপর যখন ‘মিমি’র জন্য ওজন বাড়াতে বলা হলো, তখন মনে হলো এটাই সঠিক সময়।’

তিনি জানান, পুরো প্রক্রিয়াটি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই বেশ চ্যালেঞ্জিং ছিল। ডিম্বাণু সংরক্ষণের কারণে শরীরে উল্লেখযোগ্য হরমোনগত পরিবর্তন হয় এবং সেই সময় নানা ধরনের আবেগের মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে।

কৃতি আরও জানান, অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বয়সের চাপ বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কারণে বিয়ে বা সন্তান নেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে তিনি কখনো চাননি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি কখনো এমন অনুভব করতে চাইনি যে এখনই বিয়ে করে সন্তান নিতে হবে। বিয়ে হোক বা সন্তান—এসব সিদ্ধান্ত তখন নেওয়া উচিত, যখন আপনি ভেতর থেকে প্রস্তুত থাকবেন। শুধু বয়স বা সামাজিক চাপের কারণে নয়।’

কাজের ক্ষেত্রে কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল-২’ সিনেমায়। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×