কেন পেছাল রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান
রুনা লায়লা। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২০:৪৮
ছয় দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্মের শ্রোতা। বাংলা গানের পাশাপাশি উপমহাদেশের সংগীত ভুবনে যাঁর রয়েছে অনন্য অবস্থান, সেই রুনা লায়লাকে সম্মান জানাতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছিল শিল্পকলা একাডেমি।
আগামীকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হওয়ার কথা ছিল ‘রুনা লায়লা সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান’। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
নতুন তারিখ এখনও চূড়ান্ত না হলেও চলতি মাসের শেষ দিকে আয়োজনটির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি। প্রাথমিকভাবে ২৫ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে ভাবা হচ্ছে।
অনুষ্ঠানটি ঘিরে রুনা লায়লার ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল বিশেষ আগ্রহ। কারণ, শিল্পকলার মঞ্চে এবারই প্রথম একক সংগীতানুষ্ঠানে গান শোনাবেন এই শিল্পী।
নিজেকে ঘিরে এমন আয়োজন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শিল্পকলায় তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠানটি শ্রোতাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবিন জানান, দেশের সংগীতের জীবন্ত কিংবদন্তিদের প্রতি সম্মান জানাতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, যারা দেশের সংগীতকে সমৃদ্ধ করেছেন, তাদের জীবদ্দশাতেই সম্মান জানানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে এই ধারাবাহিকতায় সম্মাননা পেয়েছেন সংগীতের দুই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন রুনা লায়লা। যাঁর কণ্ঠে ‘দমাদম মাস্ত কালান্দার’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’সহ অসংখ্য গান পেয়েছে জনপ্রিয়তা। দেশ-বিদেশের শ্রোতাদের কাছে যাঁর পরিচয় শুধু একজন গায়িকা হিসেবে নয়; বরং উপমহাদেশের সংগীতের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে।
এদিকে আগামী মাসের শুরুতেই অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী ১ ও ৮ আগস্ট সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্টের মাধ্যমে প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গাইবেন রুনা লায়লা।
আগামী ২৯ জুলাই যন্ত্রশিল্পীদের নিয়ে তাঁর সিডনির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। তাঁর আগেই শিল্পকলার এই বিশেষ আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা করছে আয়োজকরা। বন্যার কারণে আয়োজনটির তারিখ বদলালেও রুনা লায়লাকে ঘিরে এই আয়োজনের আবেদন কমেনি।
- বিষয় :
- রুনা লায়লা
- সংগীতশিল্পী
- সংগীত
- গান