ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে একমঞ্চে নচিকেতা-জয়

লন্ডনে একমঞ্চে নচিকেতা-জয়
×

নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২১:০৪

প্রথমবারের মতো যুক্তরাজ্যের লন্ডনে একসঙ্গে কনসার্ট করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার। দুই প্রজন্মের এই দুই শিল্পীকে নিয়ে আইঅন টিভি আয়োজন করছে ‘মেগা কনসার্ট ২০২৬’।

আগামী ২৩ আগস্ট ২০২৬, রোববার লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এর শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা।

আয়োজকরা জানান, ২৩ আগস্ট স্থানীয় সময় বিকেল ৩টায় দর্শকের জন্য কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এর এক ঘণ্টা পর শুরু হবে কনসার্ট; চলবে রাত পর্যন্ত। ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে, যার মূল্য যথাক্রমে– ২০, ৪০ ও ১০০ পাউন্ড। 

এদিকে পশ্চিমবঙ্গের নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতা ও বাংলাদেশের এ সময়ের জনপ্রিয় সিঙ্গার-সংরাইটার জয় শাহরিয়ারের একমঞ্চে পারফর্ম করা নিয়ে লন্ডনের প্রবাসী বাঙালিদের মধ্যে সাড়া পড়ে গেছে। এই আয়োজন নিয়ে অনেকে প্রহর গুনে যাওয়া শুরু করেছেন বলেও অয়োজক সূত্রে জানা গেছে। 

‘মেগা কনসার্ট ২০২৬’ নিয়ে শিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘লন্ডনে প্রথমবারের মতো গাইব। নচিদার সঙ্গে আগেও এক মঞ্চে গাইবার অভিজ্ঞতা আছে। আমাদের ঢাকার সেই দ্বৈত শোয়ের ধারাবাহিকতাতেই এবারের আয়োজন লন্ডনে হচ্ছে। আশা করি, ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাব আমাদের গান নিয়ে এভাবেই। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি।’

নচিকেতা চক্রবর্তীর কথায়, ‘জয় আমার স্নেহভাজন। ওর সঙ্গে অডিও, মঞ্চ সব জায়গাতেই কাজ করেছি। আশা করি, এবার লন্ডনে আমাদের গানও সবার মন ছুঁয়ে যাবে।’

উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশ পেয়েছে নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম “তথাগত”, যেখানে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে স্থান পেয়েছে ৭টি গান।

আরও পড়ুন

×