ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিনেমায় অভিষেকের অপেক্ষায় রেহান

সিনেমায় অভিষেকের অপেক্ষায় রেহান
×

ফররুখ আহমেদ রেহান। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৪:৪৩

অভিনয়ের দুনিয়ায় ফ্যাশন মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহানের পথচলা বেশি দিনের নয়। ‘আন্ধার’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তাঁর। বড় পর্দায় অভিষেক হতে যাওয়া রেহানও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটি নিয়ে।

হরর গল্পের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন আমি হরর গল্প কতটা ভালোবাসি। এত বড় একটি হরর সিনেমায় কাজের সুযোগ পাব তা কখনও ভাবেননি। অভিনয়ে পথচলা শুরুর সময়েই রায়হান রাফীর মতো একজন তারকা নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাওয়া বিশেষ অর্জন বলেন মনে করি।’ 

সিনেমায় হিমেল চরিত্রে দেখা যাবে রেহানকে। চরিত্রটি নিয়ে নির্মাতাদের পরিকল্পনা ও তাঁকে নিয়ে করা পরিশ্রমের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেতা।

মুক্তির আগেই আলোচনায় এসেছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহলের মধ্যে এবার শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে ছবিটির ‘আনঅফিসিয়াল লুক’ প্রকাশ করেছেন নির্মাতা নিজেই। সেই সঙ্গে সামনে এনেছেন সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র হিমেলকে।

হিমেল চরিত্রের জন্য ফররুখ আহমেদ রেহানকে বেছে নেওয়ার পেছনের গল্পও জানিয়েছেন রাফী। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে নির্মাতা বলেন, হিমেল চরিত্রের জন্য এমন একজন নতুন মুখ প্রয়োজন ছিল, যাঁকে নিয়ে দর্শকের আগে থেকে তেমন কোনো ধারণা নেই। তবে নতুন শিল্পীর অভিজ্ঞতা কম থাকায় চরিত্রের বিভিন্ন আবেগ ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন কিনা, তা নিয়ে ঝুঁকি ছিল।

রাফীর ভাষায়, ‘আমরা রিস্ক নিয়েছি এবং আমার ধারণা, রিস্ক নিয়ে জিতেছি।’ তিনি জানান, ফররুখ আহমেদ রেহান একজন ফ্যাশন মডেল ও অভিনেতা। ‘আন্ধার’-এর পর দর্শক তাঁকে অভিনেতা হিসেবেই বেশি চিনবেন বলে আশা করছেন নির্মাতা।

জানা গেছে, দীর্ঘদিন ভূত, অলৌকিক ঘটনা ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে ‘আন্ধার’-এর মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হন আদনান আদিব খান। সিনেমাটিতে রেহান ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা।

সিনেমাটি মুক্তির আগেই তাই দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ। শিগগিরই ইউটিউবে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচারণা শুরু হবে। টাঙ্গাইলের সন্তান রেহান এরই মধ্যে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।

গেল ঈদেও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ রেহান তাঁর নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।

আরও পড়ুন

×