ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্পে সিনেমা
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ছবির পোস্টার।
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৫:১৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ | ১৫:১৪
একটি সাধারণ শহরতলি। পরিচিত বাড়িঘর, রাস্তা আর প্রতিবেশীদের নিয়ে স্বাভাবিক জীবন। হঠাৎ একদিন সেই চেনা পৃথিবীই যেন বদলে গেল। বাড়ি, রাস্তা ও পুরো এলাকা চলে গেল এক অজানা জগতে। সেখানে অপেক্ষা করছে প্রাগৈতিহাসিক প্রাণী, ভয়ংকর বিপদ আর একের পর এক রহস্য।
এমনই অদ্ভুত এক গল্প নিয়ে পর্দায় আসছে নতুন হলিউড সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে এটি। সায়েন্স ফিকশন, মিস্ট্রি ও সারভাইভাল থ্রিলারের মিশেলে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিশেল। এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরিসহ আরও অনেকে।
গল্পের কেন্দ্রে রয়েছে প্ল্যাট পরিবার। ১৯৮০-এর দশকের একটি সাধারণ শহরতলিতে তাদের বসবাস। কিন্তু এক রহস্যময় মহাজাগতিক ঘটনার পর মুহূর্তেই বদলে যায় তাদের পরিচিত পৃথিবী। পুরো ওক স্ট্রিট যেন স্বাভাবিক পৃথিবী থেকে উপড়ে গিয়ে চলে যায় অন্য কোথাও। প্রথমে কী ঘটেছে, তা বুঝতে পারে না পরিবারের কেউ। বাইরে বেরিয়ে তারা আবিষ্কার করে, পরিচিত শহরতলির জায়গায় দাঁড়িয়ে আছে বিশাল এক অচেনা জঙ্গল। রাস্তার শেষ প্রান্ত গিয়ে থেমেছে যেন এক বিশাল খাদের কাছে। চারপাশের পরিবেশও আর পরিচিত নয়। সবচেয়ে ভয়ংকর আবিষ্কারটি আসে এরপর। সেই অচেনা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর।
শুরু হয় প্ল্যাট পরিবারের টিকে থাকার লড়াই। খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি সন্তানদের বাঁচিয়ে রাখাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য। ট্রেলারে প্রকাশিত বিভিন্ন দৃশ্য ও নির্মাতাদের বক্তব্য থেকে ধারণা করা যায়, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ নিছক ডাইনোসর থেকে পালানোর গল্প নয়; বরং ওক স্ট্রিটের এই অস্বাভাবিক পরিবর্তনের পেছনে কী রহস্য লুকিয়ে আছে, সেটিই সিনেমার মূল আকর্ষণ।
সব মিলিয়ে রহস্য, ভয়, পারিবারিক আবেগ ও বেঁচে থাকার লড়াই। এই চার উপাদানের সমন্বয়ে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ দর্শকদের জন্য তৈরি করতে পারে ভিন্নধর্মী এক সিনেমার অভিজ্ঞতা।
- বিষয় :
- হলিউড