ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঋদ্ধস্বরের দেড় দশক পূর্তি উদযাপন 

ঋদ্ধস্বরের দেড় দশক পূর্তি উদযাপন 
×

ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠানে পুরস্কার হাতে অতিখিদের সঙ্গে পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৮:২৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১৮:৩১

রাজধানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি। এ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যাবলি, মিলনমেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি শিশু-কিশোরদের মধ্যে জাতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও মৌলিক ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।’

কবিতা আবৃত্তি, গান, ছবি আঁকা ও বিতর্ক প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘ছোট ছোট শিশুরাই আমাদের ভবিষ্যৎ। এরা সকালবেলার সূর্যের মতো। আমরা যদি প্রথম থেকেই তাদের সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি মানবসম্পদ হিসেবেও তাদের গড়ে তোলা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় ঐতিহ্যকে সমুন্নত রাখা যাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা। সভাপতিত্ব করেন ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির সভাপতি সারমিন ইসলাম জুঁই। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মুন্সি বোরহান মাহমুদ, কথাসাহিত্যিক ও আবৃত্তিশিল্পী মৃন্ময় মিজান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাহমিদা সূচনা ও তাবাসসুম হোসাইন সুহা।

এদিকে দেড় দশক পূর্তি উপলক্ষে আয়োজিত নজরুল আবৃত্তি প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক গ্রুপে প্রথম হয়েছেন– মেহেরিমা নওমি, দ্বিতীয় আয়শা সিদ্দিকা হেদায়েত ও কারিমা হোসাইন দিয়া এবং তৃতীয় সারিহা সাবরিন সামিহাত। খ গ্রুপে প্রথম শরীফ ইবতিহাজ ইসলাম, দ্বিতীয় রুহানী তাবাসসুম এবং তৃতীয় মুহসিনা হক ফারিয়া ও ওয়াসিকা রহমান। গ গ্রুপে প্রথম সমৃদ্ধি সূচনা স্বর্গ, দ্বিতীয় জাফির হাসান এবং তৃতীয় নওশিন চৌধুরী রূপকথা ও অনন্যা মহীয়সী।

শেষে মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তির বর্ণাঢ্য আয়োজন।

আরও পড়ুন

×