এক গানের জন্য দুই যুগের অপেক্ষা
অটমনাল মুন ও শুভেন্দু দাস শুভ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ২০:৩৯
প্রায় দুই যুগের অপেক্ষার পর প্রকাশ পেল সংগীতশিল্পী অটমনাল মুনের নতুন গান ‘তোমাকে দেখা মানে’। গানটির কথা ও সুরের জন্ম ২০০২ সালে। তবে গানটি প্রকাশের জন্য মুনকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। গানটি প্রকাশের দীর্ঘসূত্রতা নিয়ে মুন জানান, মূলত সময়ের প্রয়োজনেই তিনি গানটি আটকে রেখেছিলেন।
২০০২ সালে লেখা ও সুর করা গানটি তখনই প্রকাশ করতে চাননি। নিজের চিন্তা ও সৃষ্টিশীলতায় আরও পরিণত হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। এরই মধ্যে পেরিয়ে যায় ১৪ বছর। ২০১৬ সালে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন মুন। কিন্তু জীবনের নানা প্রতিকূলতা ও দোলাচলের কারণে সংগীতে আনুষ্ঠানিকভাবে নিয়মিত থাকা হয়নি তাঁর। অবশেষে সব বাধা পেরিয়ে শ্রোতাদের সামনে এসেছে সেই পুরোনো সৃষ্টি।
‘তোমাকে দেখা মানে, আমার প্রিয় কিছু ইচ্ছে পূরণ/ তোমাকে ভাবা মানে, আমার অভ্যাস অনুসরণ/ তোমাকে ভালোবাসি বলা মানে আমার মুদ্রাদোষ পালন’– এমন কথার গানটির সংগীতায়োজন করেছেন মুনের ছোট ভাই শুভেন্দু দাস শুভ। গানটি নিয়ে মুনের প্রত্যাশাও বেশ।
নিজের ক্যারিয়ারের অন্যতম প্রিয় সৃষ্টি হিসেবে গানটিকে বিবেচনা করে তিনি বলেন, ‘এটা আমার সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে একটি। আমার এই গানের সঙ্গে বড় হয়ে উঠেছে আমার ভাই শুভেন্দু দাস শুভ। তখনও গানটি রিলিজ করা হয়নি। অবশেষে গান ও শুভেন্দু দুজনই তরুণ হলো। দুই ভাই দুটি গিটার নিয়ে বাজিয়ে ফেললাম। আমি একা বাজালে কখনোই এই গান এ রকম হতো না।’
শুভেন্দু দাস শুভর সম্পৃক্ততাই গানটিকে আরও পরিণত করেছে বলে মনে করেন মুন। তাঁর ভাষ্য, শুভেন্দু তাঁর কোনো গানে যুক্ত হলে সেটি আরও সুন্দর ও পরিপক্ব হয়ে ওঠে।
‘তোমাকে দেখা মানে’ গানের গিটার ও হারমোনাইজের কাজও করেছেন শুভেন্দু। এখন অডিও আকারে প্রকাশ পেয়েছে; সামনে গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
- বিষয় :
- শুভেন্দু দাস শুভ