ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ভয়াবহ বন্যায় ১৫০০ নিখোঁজ, নেপাল থেকে যা বললেন তাসরিফ

ভয়াবহ বন্যায় ১৫০০ নিখোঁজ, নেপাল থেকে যা বললেন তাসরিফ
×

তাসরিফ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৪:০৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৪:১৩

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত অন্তত ১৬৫ জনের প্রাণহানি এবং ১,৫০০ এর বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি হিমবাহ ধসে ভোতে কোশির উপনদী লেন্দের প্রবাহ আটকে যাওয়ার পর এই আকস্মিক বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে। কয়েক মিনিটের মধ্যেই বন্যার পানি ভাটির দিকে ধেয়ে যায় এবং নেপালের রাসুয়া, নুয়াকোট এবং ধাদিং জেলার জনবসতির একটি বড় অংশ ভাসিয়ে নিয়ে যায়। 

এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তবে তিনি ও তাঁর পুরো দল নিরাপদে আছেন বলে জানিয়েছেন এই শিল্পী।

দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও দলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তাসরিফ। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি।’

নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক ফ্ল্যাশ ফ্লাডের আঘাতে শত শত পর্যটক নিখোঁজ এবং মৃতের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

তাসরিফ জানান, নেপালে দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশে ও দেশের বাইরে থাকা অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন ও বার্তার মাধ্যমে তাঁদের খোঁজ নিয়েছেন। তাঁদের এই উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুধু নিজের ও দলের নিরাপত্তার বিষয়টি জানানো নয়, নেপালের দুর্যোগকবলিত মানুষের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সব মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন।’

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×