ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভালো কাজকে কখনও আটকে রাখা সম্ভব হবে না: প্রান্তর

ভালো কাজকে কখনও আটকে রাখা সম্ভব হবে না: প্রান্তর
×

প্রান্তর দস্তিদার

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৪:১৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৪:১৭

প্রান্তর দস্তিদার। অভিনেতা ও মডেল সম্প্রতি চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তাঁর অভিনীত নাটক ‘মন জুড়ে আছো’। এরই মধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। মুক্তির অপেটেলিক্ষায় রয়েছে আরও একটি সিনেমা।  নতুন নাটক ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন

‘মন জুড়ে আছো’ কাজটি নিয়ে সাড়া কেমন?
কাজটি যারা দেখেছেন, তারা খুব পছন্দ করেছেন। রোমান্টিক গল্পের নাটকটি মুক্তি পেয়েছে এক দিন হয়েছে। এরইমধ্য নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছি। এটি আমার ক্যারিয়ারে উল্লেখযোগ্য একটি কাজ ছিল।

সকাল আহমেদের পরিচালনায় এটি আপনার প্রথম কাজ। কাজের অভিজ্ঞতা ছিল কেমন?
সকাল আহমেদের সঙ্গে অনেক আগে থেকেই কাজের খুব ইচ্ছা ছিল। ব্যাটে-বলে মিলছিল না। নাটকে কাজ করে মনে হলো, অপেক্ষার ফল সব সময়ই ভালো হয়। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। সাধারণ সিনকে অন সেট দারুণভাবে ক্রিয়েটিভলি অনেক উচ্চতায় নিয়ে যেতে পারেন। এটি তাঁর সঙ্গে কাজ করলে বুঝতাম না। এককথায় তাঁর নির্মাণ মুনশিয়ানায় আমি মুগ্ধ। আমাদের জার্নি শুরু হলো। সামনে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে।

বিউটিফুল নাটকটি নিয়ে কিছু বলুন
সম্প্রতি নাটকটি ইউটিউবে এসেছে। রুবেল আনুশের পরিচালনায় এ কাজটি অন্যান্য কাজের চেয়ে একেবারে আলাদা। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে যথেষ্ট সময় দিতে হয়েছে। কাজটি করতে পেরে আমি খুব খুশি। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন অনিন্দিতা মিমি।

ইদানীং নতুনদের সঙ্গে অভিনয় করছেন...
বিষয়টি আসলে সেরকম নয়। এরই মধ্যে যে কয়টি কাজ প্রচারে এসেছে, তার অধিকাংশ শিল্পী নতুন। তার মানে এই নয় যে, নতুনদের প্রাধান্য দিয়ে তাদের সঙ্গে বেশি অভিনয় করছি। আইশা খান, প্রিয়ন্তি উর্বি, তাসনুভা তিশাসহ আরও কয়েকজনের সঙ্গে কাজ করছি। সেগুলো পর্যায়ক্রমে প্রচার হবে। নতুন-পুরোনো মিলিয়ে বেশ চ্যালেঞ্জ যাচ্ছে।

রোমান্টিক নাটক বেশি করছেন। প্রেম নির্ভর সিনেমা-নাটক বন্ধের জন্য আইনি নোটিশ হয়েছে। বিষয়টি কীভাবে দেখছেন?
এখন রোমান্টিক নাটক বন্ধের দাবি উঠেছে। পরে অন্য একটি বন্ধের দাবি উঠবে। হাস্যকর। পরিবারের নাটকের মধ্যেও তো প্রেম আছে। সেগুলো দর্শক দেখছেন। মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে ভালো গল্প বলার চর্চা সব সময়ই থাকবে। ভালো কাজকে কখনও আটকে রাখা সম্ভব হবে না। নাটকের গল্পে প্রেম ছাড়াও অনেক কিছু থাকে। প্রেমের নাটক বন্ধের পাঁয়তারা মোটেও মেনে নেওয়া যায় না। সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত।

বেশ আগে ‘জীবন আমার বোন’ সিনেমায় কাজ শেষ করেছেন। অভিজ্ঞতা কেমন ছিল?
বেশ ভালো। এখানে আমি অভিনয় করেছি ‘মুরাদ’ নামে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। সিনেমা প্রেক্ষাপট ১৯৭১। মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা এনায়েত করিম। উপন্যাসটি পড়ে বারবার মনে হচ্ছিল, এই চরিত্র অন্য চরিত্রগুলোর চেয়ে বেশ আলাদা। চরিত্রটির জন্য রিহার্সেল করেছি। পরিকল্পনামাফিক কাজটি হয়েছে।

শুনেছি ‘মস্ত বড় লোক’ সিনেমাটি শিগগির মুক্তি পাবে। কাজটি নিয়ে কেমন আশাবাদী?
গত বছর ফেব্রুয়ারিতে এর কাজ শেষ করেছি। কিছুদিন আগে হয়ছে ডাবিং। সিনোমার টিম মিলে শিগগির এর প্রিভিউ করব। বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা ভাবছেন নির্মাতা। সিনেমার গল্প অসাধারণ। আমার চরিত্রে অনেক উত্থান-পতন আছে। অনেক বৈচিত্র্যময় চরিত্র। নির্মাণও ভালো ছিল। সব মিলিয়ে কাজটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়। কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড় লোক’ অবলম্বনে সিনেমাটির নির্মাতা আঁকা রেজা গালিব।

কাজের সমালোচনাকে কীভাবে দেখেন?
আমার চরিত্রকে কীভাবে ডিজাইন করছি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত। মানুষের সমালোচনাকে পাত্তা দিলে কাজের মান আরও উন্নত হবে। তবে সে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মনে করি।

আরও পড়ুন

×