সালমান শাহ ছিলেন স্টাইল আইকন: সিয়াম
সালমান শাহ ও সিয়াম আহমেদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৪ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২১
সালমান শাহ। কারও কাছে তিনি স্বপ্নের নায়ক, কারও কাছে আদর্শ। এখনও তাকে ফলো করেন অনেকে, তার স্টাইল ধারণ করে নিজেকে সাজান। মৃত্যুর ৩০ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও বরং বেড়েছে। আজ এই নায়কের ৩০ তম মৃত্যুবার্ষিকী। আমর নায়কের মৃত্যুবার্ষিকীকে তাকে নিয়ে কথা বলেছেন এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।
তার মতে, সালমান শাহর অভিনয় ও স্টাইলের প্রভাব আমাদের পুরো প্রজন্মের ওপর পড়েছিল। তিনি ছিলেন ষ্টাইল আইকন।
সিয়াম আহমেদ সমকালকে বলেন, ‘সালমান শাহ এমন একজন তারকা, যার অভিনয় ও স্টাইলের প্রভাব আমাদের পুরো প্রজন্মের ওপর পড়েছিল। তাঁকে দেখলেই মনে হতো, এই মানুষটির মধ্যে আলাদা কিছু আছে। সালমান ছিলেন ষ্টাইল আইকন। তাঁর অভিনয়ের ধরন, পোশাক, চেহারার উপস্থাপন কিংবা জীবনযাপনের স্টাইল–সবকিছুই আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করেছে।’
সিয়ামের ভাষ্য, ‘আমার প্রথম সিনেমায় তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ যখন পেয়েছিলাম, তখন সেটিকে আমি বিশেষ সৌভাগ্য হিসেবেই নিয়েছিলাম। সিনেমায় কাজ করতে করতে এখন বুঝতে পারি, একটি চরিত্রকে পর্দায় আলাদা করে তুলতে লুক, পোশাক ও গেটআপ কতটা গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, “পোড়ামন-২’-এর শুটিংয়ের সময় সালমান শাহর আদলে নিজেকে সাজানোর চেষ্টা করতে গিয়ে বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করেছি। তখন মনে হয়েছে, তিনি কী অসাধারণভাবে প্রতিটি চরিত্রের জন্য নিজেকে বদলে নিতেন!”
সিয়ামের কথায়, ‘তাঁর অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল ছিল অনুকরণীয়। একটা পুরো প্রজন্মকে চশমা, জিন্স, শার্ট থেকে শুরু করে চুলের স্টাইল পর্যন্ত অনুসরণে উদ্বুদ্ধ করা সহজ বিষয় নয়। সালমানের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। একজন তারকার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে–যে প্রজন্ম তাঁকে দেখেছে, তারা এখনও তাঁকে অনুসরণ করে এবং ভালোবাসে।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমান শাহর চলচ্চিত্রে যাত্রা। এ সিনেমার মাধ্যমে মৌসুমীরও চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি অসম্ভব জনপ্রিয়তা পায়। তারপর থেকে সালমান শাহকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।
একের পর এক মুক্তি পায় ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান তিনি।
- বিষয় :
- সালমান শাহ
- সিয়াম আহমেদ