ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

জেলে যাওয়া এড়াতে রাজপালকে জমা দিতে হবে ৫ কোটি রুপি

জেলে যাওয়া এড়াতে রাজপালকে জমা দিতে হবে ৫ কোটি রুপি
×

রাজপাল যাদব। ছবি: ফেসবুক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৯ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪১

চেক বাউন্স মামলায় কারাদণ্ডের মুখে থাকা বলিউড অভিনেতা রাজপাল যাদবকে বড় অঙ্কের অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। জেলে যাওয়া এড়াতে হলে তাকে ৫ কোটি রুপি জমা দিতে হবে। বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ওই অর্থ জমা পড়লে তার সাজা আপাতত স্থগিত রাখার বিষয়টি আদালত বিবেচনা করবে।

রাজপাল যাদবের এই আইনি লড়াই অবশ্য নতুন নয়। প্রায় দেড় দশক আগে একটি সিনেমা নির্মাণের জন্য নেওয়া ঋণকে কেন্দ্র করে শুরু হওয়া মামলায় বারবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাকে।

২০১০ সালে নিজের পরিচালনায় ‘আতা পতা লাপতা’ সিনেমা নির্মাণের সময় মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রায় ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না হওয়ায় সেই অর্থ পরিশোধ করতে পারেননি তিনি। সময়ের সঙ্গে সুদ যোগ হয়ে বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৯ কোটি রুপি দাঁড়ায়।

ঋণ পরিশোধের জন্য রাজপাল যে সাতটি চেক দিয়েছিলেন, সেগুলো বাউন্স করার অভিযোগ ওঠে। এরপর অভিনেতা, তাঁর স্ত্রী রাধা রাজপাল যাদব এবং তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ঋণদাতা সংস্থা।

২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করেন। রাজপালের ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়। পরের বছর সেশনস আদালতও সেই রায় বহাল রাখেন।

এরপর দিল্লি হাই কোর্টে যান রাজপাল। ২০২৪ সালের জুনে তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। একই সঙ্গে বকেয়া অর্থ পরিশোধে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুরো অর্থ পরিশোধের ব্যবস্থা করতে পারেননি অভিনেতা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আত্মসমর্পণের পর রাজপালকে তিহার জেলে পাঠানো হয়। পরে অভিযোগকারী পক্ষের সম্মতিতে ১ কোটি ৫০ লাখ রুপি জমা দিয়ে অন্তর্বর্তী জামিন পান তিনি। পরবর্তী সময়ে সেই জামিনের মেয়াদও বাড়ানো হয়।

বকেয়া অর্থের ব্যবস্থা করতে আরও ৩০ দিন সময় চেয়েছিলেন রাজপাল। তবে দিল্লি হাই কোর্ট তাঁর আবেদন নাকচ করে দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী ১০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার কথা ছিল তাঁর। এর আগেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেতা।

মঙ্গলবার প্রধান বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বেঞ্চে রাজপালের আবেদনটির শুনানি হয়। শুনানি শেষে আদালত ৫ কোটি রুপি জমা দেওয়ার শর্ত দেয়।

এখন নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ জোগাড় করে আদালতের রেজিস্ট্রিতে জমা দিতে পারেন কি না, সেদিকেই নজর। আগামী ১৫ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×