ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চুক্তি লঙ্ঘন-আর্থিক ক্ষতির অভিযোগ, শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তি লঙ্ঘন-আর্থিক ক্ষতির অভিযোগ, শরিফুল রাজকে আইনি নোটিশ
×
×

শরিফুল রাজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২০:০৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ২০:১৪

চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী শাহরিন আক্তার। গত বৃহস্পতিবার শরিফুল রাজকে এই আইনি নোটিশ পাঠানো হয়।

প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে শরিফুল রাজকে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শাহরিন আক্তার সমকালকে বলেন, ‘শরিফুল রাজের সঙ্গে চুক্তিই ছিল, ঈদুল ফিতরে তিনি অন্য কোনো সিনেমায় যুক্ত হতে পারবেন না। তিন মাস সময় নিয়ে জেনে-বুঝে তিনি আমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ জন্য তাকে এক-চতুর্থাংশ সাইনিং মানি দেওয়া হয়েছে। এরপর দেখলাম, তানিম নূরের একটি সিনেমায় কাজ করছেন, সেটিও ঈদে মুক্তি পাবে। এই বিষয়টি আমি মেনে নিয়েছিলাম। কিন্তু গত পরশু শুনলাম, তিনি আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এক ঈদে যদি একজন নায়কের তিনটি সিনেমা মুক্তি পায়, তাহলে আমার সিনেমা তো ক্ষতির মুখে পড়বে।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার গল্পই তৈরি হয়েছে শরিফুল রাজকে ঘিরে। তাকে ছাড়া অন্য কোনো নায়ককে আমরা চিন্তা করিনি। সিনেমাটির জন্য এরই মধ্যে চল্লিশ লাখ টাকার বেশি খরচ করে ফেলেছি। আমারা সিনেমার শুটিং শুরুর জন্য রাজের থেকে তিন মাস ধরে শিডিউল চাচ্ছি, কিন্তু তিনি গড়িমসি করছেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় আমাদের সিনেমাটি নিয়ে নেতিবাচক কথা বলে বেড়াচ্ছেন। উপায় না পেয়ে তাকে আইনি নোটিশ পাঠিয়েছি।’

তবে এ বিষয়ে শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, আগামী ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে শরিফুল রাজ অভিনীত হরর-রোমান্টিক সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। এতে তার বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করবেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এছাড়া নির্মাতা সৈয়দ শাকিলের আরও একটি সিনেমা রয়েছে তার হাতে।

আরও পড়ুন

×